পুবের কলম প্রতিবেদক: করোনার উপসর্গ এবার ডেঙ্গুতে! শুধু মাত্র জ্বরই নয়, সঙ্গে থাকছে গলা ব্যথা, গা হাত পা ব্যাথা। এমনকি শরীরে কমছে অক্সিজেনের মাত্রাও। শুরু হচ্ছে শ্বাসকষ্ট।
সব মিলিয়ে রীতিমতো কোভিডের উপসর্গ এবার দেখা যাচ্ছে ডেঙ্গুতেও।সব থেকে গুরুত্বপূর্ণ, বহু রোগীর দেহে অনুচক্রিকা বা প্লেটলেট কমছে না। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হচ্ছে অতি দ্রুত। ফলে মশাবাহিত এই রোগের চিকিৎসায় জটিলতা চলতি মরশুমে আরও বাড়ছে।আরও পড়ুন:
সাধারণত ডেঙ্গুতে কেউ আক্রান্ত হলে রোগীর দেহে প্লেটলেট কমে যায়, একথা কম বেশি প্রায় সকলেরই জানা। প্রচলিত সেই ধারণাও পাল্টাতে শুরু করেছে। চিকিৎসকরা জানাচ্ছেন, সম্ভবত এর মূলে রয়েছে 'সাইটোকাইন স্টর্ম'।
আরও পড়ুন:
যে শব্দটি সাধারণ মানুষ শুনে এসেছেন মূলত কোভিড ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে।
বহু রোগীর মৃত্যু বা শারীরিক অবস্থার হঠাৎ অবনতির কারণ হয়ে উঠেছিল সেটি। চলতি মরশুমে ডেঙ্গু সংক্রমণের কিছু কিছু ক্ষেত্রে নিঃসৃত হচ্ছে বিভিন্ন ধরনের সাইটোকাইন বা বিশেষ রাসায়নিক। ইমিউন সিস্টেমের এই তীব্র প্রতিক্রিয়ায় শরীরের অভ্যন্তরে কার্যত 'ঝড়' ওঠার মতো ভয়ঙ্কর পরিস্থিতি দেখা দিচ্ছে। আসলে শরীরের বিভিন্ন রক্তবাহী নালী থেকে জলীয় অংশ বেরিয়ে জমা হচ্ছে বিভিন্ন অঙ্গে। ফলে রক্তের মোট পরিমাণ কমে ব্যাহত হচ্ছে অক্সিজেন সংবহন ব্যবস্থা। তার জেরেই দেখা দিচ্ছে শ্বাসকষ্ট।