পুবের কলম ওয়েব ডেস্ক: বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে দেশের দলিত, আদিবাসী ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের হার বেড়েছে। সেই কথাতে এবার সিলমোহর দিল কেন্দ্রীয় গৃহমন্ত্রকের অধিনস্থ সংস্থা এনসিআরবি। তাদের মতে, ২০১৩ সালের তুলনায় এখন দলিতদের বিরুদ্ধে অপরাধ বেড়েছে ৪৬.১১ শতাংশ। অন্যদিকে আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ বেড়েছে ৪৮.১৫ শতাংশ। এই ঘটনার নিন্দা জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
আরও পড়ুন:
এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি দেশে সম্প্রতি ঘটে যাওয়া দলিত ও আদিবাসী নির্যাতনের কয়েকটি ছবির কোলাজ সহ লিখেছেন, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) সাম্প্রতিক রিপোর্ট শুধু পরিসংখ্যান নয়, এসসি-এসটি সম্প্রদায়ের জীবনকে অনিরাপদ করে তোলা বিজেপির কালো চিঠি বলা চলে।অন্যায়, নৃশংসতা ও নিপীড়ন গত এক দশক ধরে বিজেপির সমাজকে বিভক্ত করার ষড়যন্ত্রমূলক কর্মসূচীর একটি অংশ। বিজেপি ও আরএসএস 'সবকা সাথ' এর নামে যে ভণ্ডামি করে, তার মুখোশ খুলে দিয়েছে দলিত ও আদিবাসীদের উপর নেমে আসা এই নির্যাতনের হিসেব।
আরও পড়ুন:
এনসিআরবির এই রিপোর্ট অনুযায়ী দেশের বেশ কিছু রাজ্যে দলিত ও আদিবাসীদের উপর নির্যাতনের হার সবথেকে বেশি। ২০২২ সালে এধরণের নির্যাতন বেড়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও তেলেঙ্গানায়। মধ্যপ্রদেশ ও রাজস্থান রয়েছে তালিকার শীর্ষে।
আরও পড়ুন: