পুবের কলম প্রতিবেদক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হয়ে চলেছে। এই অবস্থায় ছাত্র-ছাত্রীদের পুষ্টিকর খাবারের জন্য মিড ডে মিল প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির দাবি কেন্দ্রীয় সরকারের কাছে জানাচ্ছে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন। একই সঙ্গে মিড ডে মিল কর্মীদের বেতন বৃদ্ধির দাবিও‌ জানাচ্ছে এই সংগঠন।

কেন্দ্রীয় সরকার যে অন্তর্বর্তী বাজেট পেশ করেছে, তার বিরোধিতা করে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা সুনন্দা পন্ডা জানিয়েছেন, মিড ডে মিল প্রকল্প এবং এই প্রকল্পের কর্মীদের জন্য এই বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ করা হয়নি।

২০২২-২৩ অর্থবর্ষে মিড ডে মিল প্রকল্পে খরচ হয়েছিল ১২,৮৬১ কোটি টাকা।

এর পরে দুই বছরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অনেক মূল্য বৃদ্ধি হয়েছে। অথচ, এই বছর মিড ডে মিল প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ১২,৪৬৭ কোটি টাকা।

এই প্রকল্পে ছাত্র-ছাত্রীদের পুষ্টিকর খাবারের জন্য বরাদ্দ বৃদ্ধির দাবি তাঁরা জানিয়ে চলেছেন। বছরে ১০ মাসের বেতন দেওয়া হয় এই প্রকল্পের কর্মীদের। তাই, বেতন বৃদ্ধির পাশাপাশি কর্মীদের ১২ মাস বেতনের দাবিও তাঁরা জানাচ্ছেন।