নাজমুল সর্দার: কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত চাঁদগঞ্জ বাজার থেকে আমুলিয়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ পাকা রাস্তা বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, ফলে স্থানীয় মানুষ ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।স্থানীয় বাসিন্দা প্রণব রায়, বাপ্পা রায়, ইমরান আলির অভিযোগ, বর্ষার সময় এই রাস্তায় জল জমে কাদা হয়ে যায়, ফলে স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী, কৃষক ও ব্যবসায়ীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিশেষ করে চাঁদগঞ্জ বাজার থেকে আমুলিয়া পর্যন্ত অংশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

এলাকার মানুষ জানিয়েছেন, বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার আবেদন জানানো হয়েছে,কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয়দের দাবি, দ্রুত এই রাস্তার সংস্কারকাজ শুরু করা হোক, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে চলাচল করতে পারেন এবং এলাকার ব্যবসা-বাণিজ্য ও কৃষিকাজে গতি ফিরে আসে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নজরে তাদের আছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে। স্থানীয়দের আশা, বহু প্রতীক্ষিত এই রাস্তা সংস্কার শিগগিরই বাস্তবায়িত হবে।