পুবের কলম, ওয়েবডেস্কঃ রাজধানীতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ঝুপড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশংকা করা হচ্ছে। আগুনে গ্রাসে সম্পূর্ণ পুড়ে গেছে ৬০টি ঝুপড়ি। শুক্রবার মধ্যরাতে দিল্লির গোকালপুরীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি ট্যুইট করে জানিয়েছেন, 'আজ ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমি ঘটনাস্থলে যাব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করব।

'

পুলিশ সূত্রে খবর, শুক্রবার মধ্যরাতে দিল্লির গোকালপুরী এলাকায় আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়েই দমকলের ১৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ভোররাত অবধি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার দেবেশ কুমার মাহলা জানান, শুক্রবার রাত একটা নাগাদ গোকালপুরীর একটি বস্তিতে আগুন লাগার খবর আসে। তড়িঘড়ি দমকল পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও দমকল বিভাগের শীর্ষকর্তারা।  রাতভর আগুন নেভানোর চেষ্টা করা হয়। শনিবার ভোর ৪টে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পকেট ফায়ার সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ঘটনায় ৭ জনের প্রাণহানি হয়েছে। তবে বাকিদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে নিরাপদস্থানে। কমপক্ষে ৩০ থেকে ৬০টি ঝুপড়ি পুড়ে গিয়েছে।