এসআইআর আবহে অনুপ্রবেশ ইস্যু ঘিরে যখন রাজনৈতিক টানাপোড়েন চরমে, তখন আচমকাই বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্যে নতুন বিতর্ক। শুক্রবার তিনি বলেন, “অনুপ্রবেশকারীদের দেশে ঢোকার দায় বিএসএফেরও। পুলিশ এবং বিএসএফ টাকার জন্য এসব করে।” তাঁর এই মন্তব্য বিজেপির প্রচলিত অবস্থান থেকে সম্পূর্ণ আলাদা, যা নতুন করে প্রশ্ন তুলেছে—বঙ্গ বিজেপিতে কি চলছে গভীর অন্তর্দ্বন্দ্ব?

দিলীপের মন্তব্য ঘিরে সরব হয়েছে তৃণমূলও।

কুণাল ঘোষের কটাক্ষ, “আমরা যা এতদিন ধরে বলেছি, তা বিজেপির প্রবীণ নেতা নিজেই স্বীকার করে নিলেন।” এদিকে, অনুপ্রবেশ ইস্যুতে এতদিন বিজেপি দাবি করেছে—রাজ্য সরকার ভোটব্যাঙ্কের জন্য অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে। পাল্টা তৃণমূল বলেছে,সীমান্ত নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রের, তাই দায়ও বিএসএফের।

রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটে খড়গপুরের বদলে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী করে ‘কোণঠাসা’ করা হয়েছিল দিলীপ ঘোষকে। এরপর থেকেই তাঁর সঙ্গে দলের দূরত্ব বেড়েছে। বর্তমান মন্তব্য সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ কি না, তা নিয়েই জোর জল্পনা।