পুবের কলম ওয়েবডেস্কঃ ভোট প্রচার ঘিরে এখন প্রার্থীদের মধ্যে ব্যস্ততা তুঙ্গে। জেলায় জেলায় দলের প্রার্থীদের হয়ে প্রচার করে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রচারের ময়দান থেকে ফের একবার এসআইআর, ফর্ম ৬ জমা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার চন্দ্রকোণার ক্ষীরপাইয়ের চড়কডাঙা ময়দানের সভা থেকে এনিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে তোপ দাগেন তিনি।
আরও পড়ুন:
এদিনের সভা থেকে নাম বাদ নিয়ে সরব হয়ে মমতা বলেন, "যে নামগুলি বাদ গিয়েছে।
সেগুলি এখনও তোলা হয়নি। এখন বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থানের বাসিন্দাদের নাম ঢোকানো হচ্ছে।" সাধারণ ভোটারদের সতর্ক করে মমতা বলেন, বাংলার মানুষকে বাদ দিয়ে ডবল ইঞ্জিন সরকার আপনার ভোট দখল করতে চাইছে। সোমবারও নির্বাচন কমিশনে ৩০ হাজার নাম জমা দিয়েছে। মমতার দাবি, যাদের নাম জমা দেওয়া হয়েছে তারা কেউই বাংলার বাসিন্দা নন। একইসঙ্গে, এসআইআর নিয়েও বিজেপিকে কটাক্ষ করেন। মমতার কথায়, এসআইআর মানে সর্বনাশ। তিনি সুপ্রিম কোর্টে কেস করেছিলেন। সব অধিকার কেড়ে নিচ্ছে বিজেপি।আরও পড়ুন:
উল্লেখ্য, সোমবার রাতে নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সেখানে তাঁর অভিযোগ, সন্দেহজনক ভাবে ফর্ম-৬ জমা দিয়ে বিপুল সংখ্যক বাইরের নাম ঢোকানো হচ্ছে। এনিয়ে আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন। এদিন চন্দ্রকোণার পরে গড়বেতা হাইস্কুল ময়দানের জনসভা থেকেও একই বিষয় নিয়ে তোপ দেগেছেন মমতা। এদিকে, যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন মমতা। দুই সভা থেকেই তিনি বলেছেন, যাদের নাম বাদ পড়েছে তারা আবেদন করুন। তৃণমূল বিনামূল্যে আইনজীবী দিয়ে সহায়তা করবে।