পুবের কলম ওয়েবডেস্কঃ বাংলায় বহিরাগত ভোটারদের প্রবেশের অভিযোগ তুলে বিজেপি এবং নির্বাচন কমিশনকে ঝাঁঝালো আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর থেকে শুরু করে ফর্ম ৬ জমা নিয়ে একের পর এক তোপ দাগেন। তাঁর অভিযোগ, "বিজেপি বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করছে।" শুধু তাই নয়, মঙ্গলবার বালুরঘাটের সভা থেকে নাম না করে সেখানকার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।
আরও পড়ুন:
এদিনের সভা থেকে এসআইআর নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করে অভিষেক বলেন, "জনবিরোধী সরকার বিজেপি।
এসআইআরের নামে আতঙ্ক ছড়িয়েছে। বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে সেই চেষ্টা করছে। বিহার ও উত্তরপ্রদেশ থেকে বাংলার বিভিন্ন প্রান্তে ভোটার ঢোকাচ্ছে।" উল্লেখ্য এনিয়ে গতকাল সিইও অফিসে অভিযোগ জানাতে গিয়েছিলেন অভিষেক। সেই কথা উল্লেখ করে অভিষেক বলেন, "কাল কমিশনে গিয়ে অভিযোগ জানাই। আজও জানতে পারলাম বিহার থেকে মেদিনীপুরে লোক ঢোকাচ্ছে। ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে বিজেপি।" নাম না করে সুকান্ত মজুমদারকে নিশানা করেন অভিষেক। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের কথায়, "ডবল ইঞ্জিন সরকারের সব থেকে বড় ভুক্তভোগী বালুরঘাট। এর থেকে বেশি কেউ ডবল ইঞ্জিনের স্বাদ পায়নি। পাঁচ বছরেরও বেশি এখানকার সাংসদ বিজেপির। বিধায়কও বিজেপির। তবু ১০ পয়সার বাড়তি কোনও অনুদান আনেনি।" এই পরেই চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বলেন, " সাতবছরে কী করেছে ওদের বলুন রিপোর্ট কার্ড আনতে।" মূল্যবৃদ্ধি এবং রাজ্যের বকেয়া আটকে রাখা নিয়েও তোপ দাগতে ছাড়েননি অভিষেক। তাঁর অভিযোগ, "মানুষের প্রকল্পের টাকা আটকে রাখাই নয়, জনবিরোধী বিজেপি ক্রমশ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে। দুধ থেকে পেট্রল, চাল থেকে তেল কোনও কিছুই বাদ যাচ্ছে না।"