পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির জেরে কার্যত অচল হয়ে পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ ‘হরমুজ প্রণালী’। এই সংকটের সরাসরি প্রভাব পড়েছে ভারতের জ্বালানি আমদানির ওপর। সরকারি সূত্র অনুযায়ী, ভারত অভিমুখী অন্তত ২৮টি জ্বালানিবাহী জাহাজ বর্তমানে পারস্য উপসাগরে আটকা পড়ে আছে।
 
মঙ্গলবার বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা একটি সাংবাদিক সম্মেলনে এই সংকটের ভয়াবহতা তুলে ধরেন।

তিনি জানান, ভারতের উদ্দেশ্যে রওনা হওয়া ১০টি বিদেশি জাহাজ মাঝপথে আটকে আছে। এর মধ্যে ৩টি এলপিজি, ৪টি অপরিশোধিত তেল এবং ৩টি এলএনজি বহন করছে। হরমুজ প্রণালীর পশ্চিমে নোঙর করে আছে ১৮টি ভারতীয় জাহাজ। এর মধ্যে রয়েছে ৩টি এলপিজি ট্যাঙ্কার, ১টি এলএনজি ক্যারিয়ার এবং ৪টি অপরিশোধিত তেলের ট্যাঙ্কার।

 
জানা গিয়েছে, বর্তমানে ওই জাহাজগুলোতে মোট ৪৮৫ জন নাবিক রয়েছেন। পশ্চিম এশিয়ার এই সংঘাতের আবহে ওই এলাকায় প্রায় ৫০০-র মতো জাহাজ আটকে পড়েছে, যার মধ্যে ভারতের এই গুরুত্বপূর্ণ জাহাজগুলোও রয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় পতাকাবাহী জাহাজ এবং ভারতের জন্য জরুরি পণ্যবাহী জাহাজগুলো যাতে নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করতে পারে, সেটিই এখন প্রশাসনের শীর্ষ অগ্রাধিকার। রাজেশ কুমার সিনহা জানান, কেবল হরমুজ প্রণালীই নয়, তার আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলকেও এখন ‘উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।