পুবের কলম ওয়েব ডেস্কঃ চতুর্থ ও পঞ্চম তালিকা একসঙ্গে প্রকাশ করল নির্বাচন কমিশন। তাতে প্রায় ৩ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। যদিও এই তালিকায় কত নাম বাদ পড়েছে? তা নিয়ে এবারও স্পষ্টভাবে জানাতে পারল না নির্বাচন কমিশন। উল্লেখ্য, এনিয়ে এখনও পর্যন্ত ৫ টি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হল।

 

নির্বাচন কমিশন সুত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় দুই দফায় এই দুটি তালিকা প্রকাশ করা হয়। বিবেচনাধীন ভোটারদের নাম তালিকায় আছে কি না তা জানা যাবে https://voters.eci.gov.in/download-eroll?stateCode=S25 -এই লিঙ্কে ক্লিক করে। গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়।

তারপরও বিবেচনাধীন ছিল ৬০ লক্ষ ভোটারের নাম। নির্বাচন কমিশন সূত্রের খবর, এরমধ্যে এখনও পর্যন্ত ৪৩ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। তবে কত বাদ পড়েছে সেই সংখ্যটা নিশ্চিতভাবে জানা না গেলেও সূত্রের খবর অনুযায়ী শেষের ৪ দফায় ৪৪ থেকে ৪৬ শতাংশ নাম বাদ পড়েছে। এই বিবেচনাধীন ভোটারদের নাম যাচাই করার জন্য ভিন রাজ্য থেকে ৭০৫ জন বিচারবিভাগীয় আধিকারিককে নিযুক্ত করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তারপর থেকেই ধাপে ধাপে তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন। এর আগে কমিশন জানিয়েছিল, প্রথম ও দ্বিতীয় অতিরিক্ত ভোটার তালিকা মিলিয়ে মোট ৩১ লক্ষ নাম তোলা হয়েছে। প্রথম তালিকায় ছিল প্রায় ১০ লক্ষ এবং দ্বিতীয় তালিকায় ছিল প্রায় ২১ লক্ষের মতো নাম তোলা হয়েছে। তবে তৃতীয় তালিকায় কত নাম বাদ গিয়েছে তা এখনও স্পষ্ট করেনি নির্বাচন কমিশন।