পুবের কলম ওয়েবডেস্ক: রাজ্যে করোনা ভাইরাসের পর মাথাচাড়া দিয়ে উঠেছে অ্যাডিনো ভাইরাস। ইতিমধ্যে জ্বর, সর্দি-কাশি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ নিয়ে রাজ্যের হাসাপাতালে অসুস্থ শিশুদের সংখ্যা ক্রমেই বাড়ছে। এই অবস্থায় নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অ্যাডিনো ইস্যুতে আতঙ্কিত না হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার দুপুরে মুখ্যসচিবকে সঙ্গে নিয়ে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, এখনও পর্যন্ত জ্বর-সর্দি নিয়ে হাসপাতালে ভরতি থাকা ১২ টি শিশুর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ২ জনের শরীরে অ্যাডিনোর অস্বিত্ব মিলেছে। বাকি ১০ শিশুর কো-মর্বিডিটি ছিল। যার জেরে মৃত্যু বলেই দাবি।

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে অযথা আতঙ্ক না করে সাবধান থাকার কথা বলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে বাচ্চাদের নিয়ে বাইরে না বেরনোই সব থেকে ভালো কারণ বাচ্চারা মাস্ক পরতে পারে না। তিনি বলেন, "নবজাতক থেকে শুরু করে ২ বছরের শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। যেভাবে প্রচার চলছে, আমি ভেবেছিলাম যে প্রাথমিক স্কুলগুলি ছুটি দিয়ে দেব।

মমতা বলেন, "এটা সেরম কোনও ঘটনা নয়, তবে একটা বাচ্চারও যেন কিছু না হয়। মায়েদের আরও যত্নবান হতে হবে। এতে ভয় পাওয়ার কোনও কারণ নেই।  নেতিবাচক প্রচার করা হচ্ছে। সেই কারণে সামান্য সর্দি কাশি হলেও অনেকে হাসপাতালে চলে আসছে। ইতিমধ্যেই ৫০০০ বেড ও ৬০০ শিশু চিকিৎসক তৈরি রয়েছেন। ফলত পরিস্থিতি জটিল হলেও রাজ্য তা মোকাবিলা করতে পারবে বলেই আশাবাদী মুখ্যমন্ত্রী।