পুবের কলম প্রতিবেদক: বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম (ডব্লুবিএমডিএফসি)-র ৮৯তম বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মন্ত্রণালয়ের যে পুর্নগঠন করছেন  তারই এক অংশ হিসেবে তিনি ডব্লুবিএমডিএফসি অর্থাৎ বিত্ত নিগমের চেয়ারম্যানের পুনরায় দায়িত্ব অর্পণ করেছেন সুদক্ষ আইএএস আধিকারিক পি বি সেলিমের উপর। দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবারই চেয়ারম্যান পি বি সেলিম ডব্লুবিএমডিএফসি-র বোর্ডের প্রথম মিটিং করেন।

বোর্ড সদস্যদের তরফ থেকে সেলিম সাহেবের হাতে একটি গুলদস্তা তুলে দেন আহমদ হাসান ইমরান।
বোর্ডের বৈঠকে সংখ্যালঘু উন্নয়ন ও বিকাশের জন্য মুখ্যমন্ত্রী যে উদ্যোগগুলি গ্রহণ করতে বলেছেন, তা বাস্তবের ক্ষেত্রে উন্নয়ন ও বিত্ত নিগম কি ধরনের পদক্ষেপ নিতে পারে তা নিয়ে আলোচনা হয়। পড়ুয়াদের জন্য স্টুডেন্ট লোনকে যাতে পুনরায় আরও সুষ্ঠুভাবে দেওয়া হয়, সে বিষয়ের উপর পি বি সেলিম গুরুত্ব আরোপ করেন।

আহমদ হাসান ইমরান বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বৌদ্ধ, খ্রিস্টান, শিখ ও জৈনদের আরও বেশি করে সম্পৃক্ত করার জন্য প্রকল্প গ্রহণ করার কথা উল্লেখ করেন। বাংলার প্রবাসী কারিগর ও মজদুররা যেসব পেশায় নিযুক্ত রয়েছেন, তাদের সংক্ষিপ্ত ট্রেনিং শেষে সার্টিফিকেট প্রদানেরও একটি প্রকল্প নেওয়ার জন্য চেয়ারম্যান পি বি সেলিমের প্রস্তাবে সকলেই সহমত ব্যক্ত করেন।