পুবের কলম প্রতিবেদক: বাংলা শস্য বিমা যোজনায় নাম নথিভুক্তিকরণের সময় বাড়িয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রকল্পে নাম নথিভুক্ত করা যাবে। এ বছর বৃষ্টির পরিমাণ কম হওয়ায় স্বাভাবিক গতিতে ধান রোপণ সম্ভব হয়নি। সেই কারণে আবেদনের সময়সীমা ১৫ দিন বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন:
নবান্ন সূত্রে তেমনটাই জানা গিয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত প্রতিটি জেলা প্রশাসনকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। এই প্রকল্পে সমস্ত খরচ বহন করে রাজ্য। সেই কারণে রাজ্যের অধিকাংশ কৃষক যাতে এই প্রকল্পের সুযোগ নিতে পারে সেই বিষয়ে সচেষ্ট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
এ বছর শুরুর দিকে বৃষ্টিপাত কম হয়েছিল। তবে পরবর্তী সময়ে বৃষ্টি হওয়ায় ঘাটতি কমেছে। এখনও পর্যন্ত প্রায় ৪০ লক্ষ হেক্টর জমিতে ধান রোপণও হয়েছে। যা গত বছরের তুলনায় দু’লক্ষ হেক্টর বেশি।আরও পড়ুন:
তবে এটাও জানা গিয়েছে, এ বছর রাজ্য যে লক্ষ্যমাত্রা নির্ধারিত করেছিল, তার থেকে এখনও আড়াই লক্ষ হেক্টর কম জমিতে ধান চাষ হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ধান রোপণ তুলনায় কম হয়েছে বলেই নবান্ন সূত্রের খবর। যদিও হাতে এখনও কিছুটা সময় আছে। তাই রাজ্যের কৃষি দফতরের আধিকারিকদের আশা তাঁরা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবেন। এই পরিস্থিতিতে কৃষকদের কথা মাথায় রেখেই শস্য বীমা যোজনায় নাম নথিভুক্তিকরণের সময় বাড়ানো হয়েছে। বিমার পাশাপাশি কৃষি যন্ত্রাংশ উন্নয়নে এ বছর ২২০০ কোটি টাকা খরচ করে মোট ১৫০০টি প্রকল্পের লক্ষ্যমাত্রা ধার্য করেছে রাজ্য সরকার। যার মধ্যে আগস্ট মাসেই ১৭৬ কোটি টাকা মূল্যের নতুন ১৮৬টি প্রকল্প অনুমোদন পেয়েছে।
আরও পড়ুন: