পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতেই একাধিক জায়গা থেকে ইভিএমে যান্ত্রিক ত্রুটির অভিযোগ সামনে এসেছে। কোথাও ভোটগ্রহণ দেরিতে শুরু হয়েছে, কোথাও আবার ভোটারদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, সমস্যার খবর কমিশনের কাছে এসেছে এবং দ্রুত তা ঠিক করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টার কিছু আগে সিইও দপ্তরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হন মনোজ আগরওয়াল।

মালদার মোথাবাড়িতে ইভিএম বিকলের কারণে ভোটগ্রহণ শুরু না হওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “হ্যাঁ, খবর এসেছে। সব ঠিক হয়ে যাবে।” তাঁর কথায়, কমিশনের প্রতিনিধিরা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ করছেন।

শুধু ইভিএম নয়, বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা খারাপ থাকার অভিযোগও উঠেছে।

এ বিষয়ে মনোজ বলেন, “সেটাও ঠিক হয়ে যাবে।” অর্থাৎ, ভোটপ্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে নির্বাচন কমিশন দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলেই আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে মালদার মোথাবাড়িতে ইভিএম সমস্যার কারণে ভোটগ্রহণ শুরু হতে দেরি হওয়ায় ভোটারদের মধ্যে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, প্রায় দেড় ঘণ্টা পেরিয়ে গেলেও একটি বুথে ভোটগ্রহণ শুরু হয়নি।
ক্ষুব্ধ ভোটাররা সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভও দেখান।

অন্যদিকে, মুর্শিদাবাদের নওদা এলাকায় বোমাবাজির অভিযোগও সামনে এসেছে। এই প্রসঙ্গে মনোজ আগরওয়াল জানান, “হ্যাঁ, খবর পেয়েছি। ঘটনাটি খানিকটা দূরে ঘটেছে। কড়া পদক্ষেপ করা হবে।” ভোটের শুরুতেই একাধিক সমস্যা সামনে এলেও নির্বাচন কমিশনের দাবি, দ্রুত সব সমস্যা মিটিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা হবে।