প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই নতুন করে জটিলতায় পড়লেন রতুয়ার কংগ্রেস প্রার্থী মহম্মদ মোত্তাকিন। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় তাঁর প্রার্থীপদ নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিস্থিতির গুরুত্ব বুঝে শেষ মুহূর্তে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।
আরও পড়ুন:
সোমবার সকালে শীর্ষ আদালতে মামলার শুনানি শুরু হতেই বিষয়টির জরুরি গুরুত্ব বিবেচনা করে বিচারপতিরা নির্দেশ দেন, দুপুর ১২টার মধ্যেই ট্রাইব্যুনালকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
সেই নির্দেশ মেনে সল্টলেকের ট্রাইব্যুনাল দপ্তরে তড়িঘড়ি শুরু হয়েছে প্রক্রিয়া।প্রসঙ্গত, ২৩ এপ্রিল প্রথম দফার ভোটের আগে আজই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। বিকেল ৩টার মধ্যে মনোনয়ন পেশ করতে হবে প্রার্থীদের। কিন্তু ভোটার তালিকায় নাম না থাকলে মনোনয়ন জমা দেওয়া সম্ভব নয়, ফলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে এই আইনি লড়াই।
মহম্মদ মোত্তাকিন, যিনি ২০১৬ সালে মানিকচক কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন, এবার রতুয়া কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী। তবে এসআইআর প্রক্রিয়ার পর তাঁর নাম ‘ডিলিট’ হয়ে যাওয়ায় বিপাকে পড়ে দল।
জেলা কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, যদি নির্ধারিত সময়ের মধ্যে তাঁর নাম পুনর্বহাল না হয়, তাহলে বিকল্প প্রার্থী হিসেবে চাঁচলের প্রাক্তন বিধায়ক আল বিরুনি জুলকার নাইনকে প্রস্তুত রাখা হয়েছে। তিনি প্রয়োজনে শেষ মুহূর্তে মনোনয়ন জমা দেবেন।
এই পরিস্থিতিতে ট্রাইব্যুনালের সিদ্ধান্তই ঠিক করবে, রতুয়ার নির্বাচনী লড়াইয়ে শেষ পর্যন্ত কে থাকবেন কংগ্রেসের মুখ।