পুবের কলম,ওয়েবডেস্ক: মণিপুরে নগ্ন ভিডিয়ো কাণ্ডে গ্রেফতার আরও ১। ঘটনার আড়াই মাস পর  বৃহস্পতিবার সকালে প্রথম গ্রেফতার হয় হেরাদাস সিং মেইতেই  সহ ৩ জন। শনিবার আরও ১  অভিযুক্তকে গ্রেফতার করল মণিপুর পুলিশ। ধৃতের নাম ইয়ামলেমবাম নাংসিথোই মেইতেই।
বয়স ১৯।  যদিও এই গ্রেফতারিকে  ‘ড্যামেজ কন্ট্রোল’ বলে আখ্যা দিতে শুরু করেছে রাজনৈতিক বিশ্লেষকরা।

জাতিদ্বন্দ্বে লিপ্ত পার্বত্যরাজ্যে দুই কুকি সম্প্রদায়ের মহিলাকে গণধর্ষণ, বিবস্ত্র করে প্যারেড কাণ্ডে ছিছিক্কার দেশজুড়ে। অভিযুক্তদের বিরুদ্ধে পথে নেমেছে অগণিত নাগরিক।
এমনকী মানববিরোধী এই কাজের প্রতিবাদে কলম ধরেছেন সর্ব স্তরের মানুষ। মণিপুরের ঘটনায় ইতিমধ্যেই স্বতঃপ্রণদিত মামলা দায়ের হয়েছে। বিরোধীদের অভিযোগ, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী চাইলে আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যেত। তা না করে জাতি দাঙ্গার আগুনে হাত সেঁকতে চেয়েছে কেন্দ্রীয় শাসকদল।

দীর্ঘ আড়াই মাস ধরে মণিপুরে সাম্প্রদায়িক সংঘর্ষ জারি থাকলেও, কেন মুখ খুলছেন না প্রধানমন্ত্রী, তাই নিয়ে সরব  হয়েছিলেন বিরোধী দলনেতারা।  তারপরই অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে বার্তা দেন নরেন্দ্র মোদি। আর তারপরেই ‘ড্যামেজ কন্ট্রোলে’ নেমে  রাতারাতি ৪ জনকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। বিরোধীদের অভিযোগ অবিলম্বে মুখ্যমন্ত্রী বীরেন সিং কে বরখাস্ত করা হক। উল্লেখ্য, বীরেন সিং নিজেই মেইতেই সম্প্রদায়ের মানুষ। কুকিদের অভিযোগ, মুখ্যমন্ত্রী কেবল হিন্দু মেইতেই সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করছেন, কুকিদের নয়। সে কারণেই পরিস্থিতি এমন মারাত্মক জায়গায় পৌঁচেছে।