পুবের কলম ওয়েবডেস্ক: ইথিওপিয়ায় মাঙ্কিপক্স বা এমপক্সে প্রথম মৃত্যু নিশ্চিত হয়েছে। বর্তমানে দেশটিতে পাঁচজন এমপক্সে আক্রান্ত রয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এই তথ্য প্রকাশ করে জানিয়েছে, গত এক দিনে নতুন কোনো সংক্রমণ বা সুস্থ হওয়ার ঘটনা ঘটেনি। তবে কেউ গুরুতর অবস্থায় নেই।

গত সপ্তাহে ইথিওপিয়ার কেনিয়ার সীমান্তবর্তী ওরোমিয়া অঞ্চলের মোয়ালে শহরে প্রথম এমপক্স রোগী শনাক্ত হন। একই পরিবারের তিনজন ; বাবা, মা ও শিশু ; এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংক্রমণের উৎস কোথায় তা খতিয়ে দেখার জন্য তদন্ত চলছে। মন্ত্রণালয় এ বিষয়ে সতর্ক নজরদারি ও পরীক্ষা চালিয়ে যাচ্ছে।

শনিবার পর্যন্ত দেশটিতে ১৫ জন সন্দেহভাজন রোগীর পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া সীমান্তবর্তী শহরগুলোতে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণাও চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, তারা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে।

এই প্রথম এমপক্স আক্রান্তের মৃত্যু হওয়ায় ইথিওপিয়া সতর্ক অবস্থানে রয়েছে এবং ভাইরাসের বিস্তার রোধে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জনস্বাস্থ্য রক্ষায় দেশের স্বাস্থ্য বিভাগ এবং সীমান্ত শহরগুলোতে সতর্কতা জোরদার করা হয়েছে