পুবের কলম, ওয়েবডেস্ক:   ক্রমশই থাবা বসাচ্ছে মাঙ্কিপক্স। কেরলে মাঙ্কিপক্সে আক্রান্ত আরও একজন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৫। এর মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি কেরলে প্রথম আক্রান্ত হওয়া ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ সংবাদমাধ্যমকে পঞ্চম সংক্রামণের খবর জানিয়েছেন।

ইতিমধ্যেই কেরলে মাঙ্কিপক্স আক্রান্ত হয়ে গত ২ আগস্ট এক যুবকের মৃত্যু হয়েছে।

ফের আরও এক আক্রান্তের খোঁজ মেলায়, উদ্বিগ্ন রাজ্য সরকার। আক্রান্ত সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরার পরেই তার রিপোর্ট পজিটিভ। রাজ্যের এই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্কে সাধারণ মানুষ।

কেরলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আক্রান্ত যুবকের কেরলের মালাপ্পুরমের মঞ্জেরি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। আক্রান্ত যুবক সংযুক্ত আরব আমিরাত থেকে কোঝিকোড়ে বিমানবন্দরে আসেন জুলাই মাসের ২৭ তারিখে। তার পরে তার দেহে উপসর্গ দেখা দেওয়ায় টেস্ট করা হয়। রিপোর্ট পজিটিভ আসে।

এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা হল ৫। আক্রান্ত ব্যক্তি ইতিমধ্যেই পরিবার ও বন্ধু সহ মোট ১০ জনের সরাসরি সংস্পর্শে এসেছেন। ত্রিশূরে সন্দেহভাজনের তালিকায় থাকা ২০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মাঙ্কিপক্সে মৃত্যু হয়েছে একজনের।

শিক্ষা ও স্বাস্থ্য স্থায়ী কমিটির সদস্য রেঞ্জিনী জানিয়েছেন, রাজ্যের অবস্থা নিয়ন্ত্রণে আছে। অযথা ভয়ের কোনও কারণ নেই। আগেই ২০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তাদের ওপরে পর্যবেক্ষণে চালানো হচ্ছে। পঞ্চম আক্রান্ত ব্যক্তি ১০ জন মানুষের সরাসরি সংস্পর্শে এসেছেন। তাদেরও নজরে রাখা হয়েছে।

প্রসঙ্গত, ভারতে এখনও পর্যন্ত আটটি মাঙ্কিপক্সের ঘটনা ঘটেছে। যার মধ্যে পাঁচটি কেরলের, ও বাকি তিনটি দিল্লির। কেন্দ্র জানিয়েছে, মাঙ্কিপক্স মোকাবিলায় টাস্ক ফোর্স গঠন করা হবে।

কেরলে প্রথম আক্রান্তের খোঁজ মেলে গত ১৪ জুলাই। গত সপ্তাহেই সেই ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।