পুবের কলম, ওয়েবডেস্ক: দিনে পাঁচবার লাউডস্পিকারে আযান দেওয়া যাবে, এই মর্মে আদেশ দিল আমেরিকার মিনিয়াপলিস সিটি কাউন্সিল। এই  প্রথমবার এমন নির্দেশ দিল কোনও মার্কিন শহর। মিনিয়াপলিস হল মিনেসোটা অঙ্গরাজ্যের অন্যতম একটি শহর। এই শহরে পূর্ব আফ্রিকান মুসলিমদের আধিক্য রয়েছে।

 জানা গেছে, সর্বসম্মতভাবেই সিদ্ধান্ত নিয়েছে শহরের প্রশাসন। এখন থেকে নির্দিষ্ট পাঁচ সময়ে লাউডস্পিকারে আযান দেওয়া যাবে। পবিত্র রমযান মাসে এমন অনুমোদন দিল স্থানীয় প্রশাসন।
একাধিক মার্কিন শহরেই লাউডস্পিকার বাজানোর ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা রয়েছে। খুব ভোরবেলা বা রাতের দিকে লাউডস্পিকার ব্যবহার করা যায় না। নিয়ম অনুযায়ী, সকাল সাতটার আগে এবং রাত দশটার পরে ব্যবহার করা যাবে না লাউডস্পিকার। এই নিয়মের ফলে লাউডস্পিকারে ফজরের আযান দেওয়া যেত না। তবে এখন থেকে মিনিয়াপলিসে সেই নিয়ম বদলে যাচ্ছে। জানা গেছে, নগর প্রশাসনের অন্তত ১৩ জন সদস্য মুসলিম। জনসংখ্যার মধ্যেও মুসলিমদের আধিক্য রয়েছে।
ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণের পর একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘ধর্মীয় স্বাধীনতা বজায় রাখা মিনিয়াপলিসের অন্যতম প্রধান আদর্শ। তাছাড়াও আমাদের দেশের সংবিধান তো রাতের বেলা ঘুমায় না।’ ৩ বছর আগে থেকেই নতুন নির্দেশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল মিনিয়াপলিস প্রশাসন। পরীক্ষামূলকভাবে একটি মসজিদে ৫ ওয়াক্ত নামাযের জন্য লাউডস্পিকারে আযান দেওয়া শুরু হয়। সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা খতিয়ে দেখতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে এতে কোনও অমুসলিম ব্যক্তি আপত্তি করেননি।

এরপরই মিনিয়াপলিস সরকার শহরের সব মসজিদের জন্য একই পদক্ষেপ নিল।
স্থানীয় মুসলমানরা এই পদক্ষেপকে ধর্মীয় স্বাধীনতার জন্য একটি ‘ঐতিহাসিক বিজয়’ বলে উল্লেখ করেছে। মিনিয়াপলিস সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে আযানের অনুমতির ব্যাপারে ভোট দেয়। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (সিএআইআর) মুসলিম অ্যাডভোকেসি গ্রুপের মিনেসোটা শাখা জানায়, এটি পুরো যুক্তরাষ্ট্রের জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। কারণ এ সিদ্ধান্তের মাধ্যমে মিনিয়াপলিস যুক্তরাষ্ট্রের প্রথম শহর হতে চলেছে যেখানে দৈনিক পাঁচ ওয়াক্ত আযান দেওয়া হবে।

সিএআইআর-এর স্টেট পরিচালক জয়লানি হুসেন এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন। বলেন, ‘আমরা মিনিয়াপলিস সিটি কাউন্সিলের সদস্যদের ধন্যবাদ জানাই। অন্যান্য শহরকেও এটি অনুসরণ করার জন্য আমরা অনুরোধ করছি।’ মিনিয়াপলিস সিটি মেয়র জ্যাকব ফ্রে এক সপ্তাহের মধ্যেই এই বিলে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। মিনিয়াপলিস কাউন্সিলের ১৩ সদস্যের মধ্যে ৩জন মুসলিম কাউন্সিলর রয়েছেন। তবে আযান বিষয়ক বিলের কেউই বিরোধিতা করেননি।