নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি 
জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার নেপাল সুপ্রিম কোর্ট ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে। তবে শর্ত হিসেবে নিয়মিত পুলিশে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, অসুস্থতার কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আদালতের নির্দেশের পর তাঁকে পরিবারের হেফাজতে ছেড়ে দেওয়া হয়েছে। একই মামলায় নেপালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক-কেও জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে নেপালে ‘জেন জি’ আন্দোলনের সময় সহিংসতায় প্রায় ৭৭ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়। এই ঘটনায় অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে গত ২৮ মার্চ ওলি ও রমেশ লেখককে গ্রেফতার করা হয়েছিল।

প্রথমদিকে ওলির জামিনের আবেদন খারিজ করে তাঁকে জেল হেফাজতে রাখা হয়। তবে পরবর্তীতে ৭ এপ্রিল আদালত জানায়, তদন্তের স্বার্থে আর তাঁকে হেফাজতে রাখার প্রয়োজন নেই এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়।

পুলিশ ও সরকারি কৌঁসুলির সম্মতিতে শেষপর্যন্ত তাঁকে জামিন দেওয়া হয়েছে। যদিও তদন্ত এখনও চলমান থাকায়, প্রয়োজনে যে কোনও সময় তাঁকে পুনরায় হাজিরার জন্য ডাকা হতে পারে।