পশ্চিমবঙ্গে নতুন সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান হতে চলেছে। রাজনৈতিক সূত্রের খবর, আগামী সোমবার শপথ নিতে পারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র পূর্ণাঙ্গ মন্ত্রিসভা। নতুন, পুরনো এবং বিভিন্ন জেলার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হতে চলা এই মন্ত্রিসভায় প্রায় ৩৩ জন সদস্য থাকতে পারেন বলে জানা যাচ্ছে।
মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যদের পাশাপাশি কোন মন্ত্রীর হাতে কোন দপ্তর থাকবে, তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
জানা গিয়েছে, অর্থ দপ্তরের পাশাপাশি তথ্য ও সংস্কৃতি দপ্তরের দায়িত্বও মুখ্যমন্ত্রী নিজের কাছেই রাখতে পারেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যের আর্থিক পুনর্গঠন, বিনিয়োগ বৃদ্ধি এবং রাজস্ব আদায় বাড়ানোকে অগ্রাধিকার দিচ্ছে নতুন সরকার। সেই কারণেই গুরুত্বপূর্ণ এই দপ্তরগুলির ওপর সরাসরি নজর রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে নতুন প্রশাসন। দীর্ঘদিনের ঋণের বোঝা, বিনিয়োগের ঘাটতি এবং বিভিন্ন ক্ষেত্রে আর্থিক স্থবিরতা কাটিয়ে উন্নয়নের নতুন রূপরেখা তৈরি করাই সরকারের প্রধান লক্ষ্য বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক সূত্রের দাবি, অর্থ দপ্তর নিজের হাতে রেখে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প, অবকাঠামো উন্নয়ন এবং শিল্প বিনিয়োগের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
সরকারের লক্ষ্য শুধু শহরকেন্দ্রিক উন্নয়ন নয়, শিল্পায়ন ও কর্মসংস্থানের সুফল গ্রামাঞ্চলেও পৌঁছে দেওয়া। নির্বাচনী প্রচারে যে বিকল্প অর্থনৈতিক মডেলের কথা বিজেপি তুলে ধরেছিল, সেই প্রতিশ্রুতিগুলিকে বাস্তবায়নের দিকেই এখন জোর দেওয়া হচ্ছে।
সব মিলিয়ে সোমবারের মন্ত্রিসভা গঠন শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নতুন মন্ত্রিসভার মাধ্যমে আগামী দিনের উন্নয়ন-রূপরেখা কতটা স্পষ্ট হয়, সেদিকেই নজর থাকবে রাজ্যবাসীর।