পুবের কলম,ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশে এক বিজেপি নেতার ছেলে সহ ৪ জনের বিরুদ্ধে এক মহিলাকে গণধর্ষণ এবং তাঁর নাবালিকা বোনকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে দাতিয়া জেলায়, যা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের খাসতালুক হিসেবে পরিচিত।

নিগৃহীতার আত্মীয়রা এবং ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদে থানা ঘেরাও করেন। প্রথমে গণধর্ষণে অভিযুক্তদের গ্রেফতারের গড়িমসি দেখিয়েছিল পুলিশ।
শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে তারা।

তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার পরেই দুই নিগৃহীতার মধ্যে একজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে তিনি ঝাঁসির এটি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সুপার প্রদীপ শর্মা জানিয়েছেন,দাতিয়ায় চার  দুষ্কৃতী ধর্ষিতা তরুণী এবং তার বোনকে জোর করে তুলে নিয়ে  যায়। এক গোপন আস্তানায় নিয়ে গিয়ে তোলে। সেখানেই চার দুষ্কৃতী কলেজ পড়ুয়া তরুণীকে লাগাতার ধর্ষণ করে।

দিদির  ধর্ষণে বাধা দিতে গিয়ে নিগ্রহের শিকার হয় তরুণীর ছোট বোন। ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনের ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।