পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে রবিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন জেনারেল এন এস রাজা সুব্রমানি। তিনি বিদায়ী সিডিএস জেনারেল অনিল চৌহানের স্থলাভিষিক্ত হলেন। দেশের সর্বোচ্চ সামরিক কমান্ডার হিসেবে নিজের সফল কার্যকাল শেষ করে গত শনিবারই অবসর নেন জেনারেল অনিল চৌহান।
আরও পড়ুন:
নতুন সিডিএস হিসেবে দায়িত্ব নেওয়ার পর জেনারেল সুব্রমানি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা স্পষ্ট করে দিয়েছেন।
ভারতের তিন সশস্ত্র বাহিনী— সেনা, বায়ুসেনা এবং নৌবাহিনীর মধ্যে সমন্বয় ও যৌথ শক্তি বৃদ্ধি করাই তাঁর প্রধান লক্ষ্য হবে। দায়িত্বভার গ্রহণ করে জেনারেল সুব্রমানি বলেন, “সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ এবং তিন বাহিনীর মধ্যে সমন্বয় ও সংহতি বাড়াতে প্রাতিষ্ঠানিক সংস্কার করাই আমাদের প্রাথমিক লক্ষ্য হবে। আমরা আমাদের সশস্ত্র বাহিনীতে দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রের উন্নয়ন, অন্তর্ভুক্তি এবং ব্যবহারের গতি আরও ত্বরান্বিত করব।”আরও পড়ুন:
জেনারেল এন এস রাজা সুব্রমানি দুই প্রতিবেশী রাষ্ট্র চিন ও পাকিস্তান বিষয়ক রণকৌশলে অত্যন্ত অভিজ্ঞ এবং পারদর্শী হিসেবে সামরিক মহলে পরিচিত।
গত বছরের ৩১ জুলাই তিনি সেনাবাহিনীর উপ-প্রধান পদ থেকে অবসর নেন। এরপর থেকে তিনি ‘ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট’ (NSCS)-এর সামরিক উপদেষ্টা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছিলেন। দীর্ঘ ৪০ বছরের গৌরবময় সামরিক কর্মজীবনে জেনারেল সুব্রমানি দেশের বিভিন্ন প্রান্তের জটিল সংঘাতময় পরিস্থিতিতে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন। এই দীর্ঘ সময়ে তিনি কমান্ড, স্টাফ এবং ইনস্ট্রাকশনাল— তিন ধরণের পজিশনেই অত্যন্ত দক্ষতার সাথে নিজের দায়িত্ব পালন করেছেন। তাঁর এই বিপুল অভিজ্ঞতা ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রকে আগামী দিনে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।