ভারতীয় বায়ুসেনা-র এক অসামরিক কর্মীকে পাকিস্তানে গোপন তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা।
অভিযুক্ত সুমিত কুমার-কে গ্রেপ্তার করেছে রাজস্থান ইন্টেলিজেন্স। তদন্তে জানা গেছে, তিনি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা এবং অসমের চাবুয়া এয়ার ফোর্স স্টেশন-এ মাল্টি-টাস্কিং স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনার সূত্রপাত ২০২৬ সালের জানুয়ারিতে।

সেই সময় জয়সলমীর থেকে ঝাবারা রাম নামে এক সন্দেহভাজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা সুমিত কুমারের খোঁজ পান।
অভিযোগ, নিজের দায়িত্বের সুযোগ নিয়ে তিনি ভারতীয় বায়ুসেনার সংবেদনশীল তথ্য সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে পাকিস্তান-এর গোয়েন্দা সংস্থার কাছে পাঠাতেন। ২০২৩ সাল থেকেই তিনি এই যোগাযোগ বজায় রেখেছিলেন এবং টাকার বিনিময়ে তথ্য পাচার করতেন বলে দাবি তদন্তকারীদের।

গোপন সূত্রে খবর পেয়ে এয়ার ফোর্স ইন্টেলিজেন্স এবং রাজস্থান ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে তাকে চাবুয়া থেকে আটক করে জয়পুর-এ নিয়ে যাওয়া হয়।
তদন্তে আরও জানা গেছে, তিনি চাবুয়া ছাড়াও নাল এয়ার ফোর্স স্টেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছেন। এর মধ্যে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অবস্থান, পাশাপাশি সেনা কর্মকর্তাদের গোপন তথ্যও অন্তর্ভুক্ত ছিল।
গত ২২ মার্চ জয়পুরে দায়ের হওয়া মামলায় অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩ এবং ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর আওতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।