গ্রিনল্যান্ড দখলে নিতে কোনো ধরনের সামরিক বা বলপ্রয়োগের পথে হাঁটবেন না—এ কথা স্পষ্ট করে জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র অবিলম্বে আলোচনায় বসতে আগ্রহী। বক্তৃতায় ট্রাম্প ইউরোপ নিয়েও সমালোচনামুখর হন। তিনি বলেন, ইউরোপকে তিনি ভালোবাসেন এবং শক্তিশালী দেখতে চান, কিন্তু বর্তমান অবস্থায় অঞ্চলটি সঠিক পথে এগোচ্ছে না।

একই সঙ্গে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের জনগণের প্রতি ‘অপরিসীম শ্রদ্ধা’ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের দাবি, গ্রিনল্যান্ড বিশাল আয়তনের হলেও প্রায় জনবসতিহীন ও পর্যাপ্ত উন্নয়নবিহীন একটি অঞ্চল, যা কার্যত অরক্ষিত অবস্থায় রয়েছে। তাঁর ভাষায়, এই বিশাল বরফাচ্ছাদিত ভূখণ্ডের নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করার সক্ষমতা কেবল যুক্তরাষ্ট্রেরই আছে। তিনি আরও বলেন, প্রায় দুই শতাব্দী ধরেই আমেরিকা গ্রিনল্যান্ড কেনার চেষ্টা চালিয়ে আসছে।

ডেনমার্কের উপস্থিতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডে কার্যত ডেনমার্কের কোনো দৃশ্যমান চিহ্ন নেই। নেটোর প্রসঙ্গ টেনে তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র চাইলে শক্তি প্রয়োগ করে পরিস্থিতি বদলাতে পারে, তবে সেই পথে যেতে তিনি আগ্রহী নন।

সবশেষে ট্রাম্প জোর দিয়ে বলেন, “আমি বলপ্রয়োগ করতে চাই না, করবও না। আমাদের লক্ষ্য কেবল একটি জায়গা—গ্রিনল্যান্ড।”