আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: বুধবার অসমের তিনসুকিয়ায় নিরাপত্তা বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার মধ্যে গুলির লড়াই চলার সময় গুরুতর জখম হলেন এক অসামরিক ব্যক্তি। আহত ওই যুবকের নাম অমিত মুখিয়া। অমিতকে আলফার একজন লিঙ্কম্যান বলেই সন্দেহ তিনসুকিয়া পুলিশের। উল্লেখ্য গত ১৯ ডিসেম্বর সন্ত্রাসী গোষ্ঠী আলফার সাত সদস্যকে খাদ্য ও আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় চারজনকে।
জেরার মুখে পড়ে ওই চারজন সন্ত্রাসীকে খাদ্য ও আশ্রয় দেওয়ার কথা স্বীকার করে বলে দাবি পুলিশের। ওই সন্ত্রাসীরা বিলুপ্ত ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম -ইন্ডিপেন্ডেন্ট (আলফা -আই) এর ক্যাডার বলে সন্দেহ করা হচ্ছে।অমিত কে ম্যারাথন জেরা করে পুলিশ জানতে পারে সন্দেহভাজন আলফা সন্ত্রাসীরা আপার দেহিং সংরক্ষিত অভয়ারণ্য এলাকায় অবস্থান করছে। এরপর অমিত মুখিয়াকে সঙ্গে নিয়েই নিরাপত্তাবাহিনীর সদস্যরা ও তিনসুকিয়া পুলিশ অভিযান চালায় আপার দেহিংয়ের ওই সংরক্ষিত অভয়ারণ্য এলাকায়। গুয়াহাটিতে সেনাবাহিনীর জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানিয়েছেন মঙ্গলবার রাতে পেংরি এলাকায় একটি তল্লাশি অভিযান চালানো হয়, সেখান থেকেই চার লিঙ্কম্যানকে গ্রেফতার করে সন্ত্রাসীদের কথা জানা যায়। এরপরেই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বুধবার সকালে পেংরি থেকে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আপার দিহিংয়ে সংরক্ষিত অভয়ারণ্যে শুরু হয় অভিযান। জখম অমিত মুখিয়া আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। সন্ত্রাসীদের সন্ধানে এখনও চলছে চিরুনি তল্লাশি।