পুবের কলম,ওয়েবডেস্ক: কয়েকদিন আগেই ভুল খবর রটে গিয়েছিল তিনি আর নেই। কিন্তু এবার সত্যিই প্রয়াত হলেন জিম্বাবোয়ের কিংবদন্তি ক্রিকেটার হিথ স্ট্রিক। তাঁর স্ত্রী নাদিন এই খবর নিশ্চিত করেছেন। দুরারোগ্য ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন ৪৯ বছরের এই জিম্বাবোয়েন ক্রিকেটার। জিম্বাবোয়ের একমাত্র বোলার হিসেবে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে স্ট্রিকের।
 বেশ   কয়েকদিন ধরেই নিজের ফার্ম হাউসেই ছিলেন স্ট্রিক। ক্যানসারের সঙ্গে লড়াই করতে করতে শেষ পর্যন্ত শনিবার মধ্যরাতেই পরলোকগমন করেন জিম্বাবোয়ের এই তারকা ক্রিকেটার। গত ৬ মাসে  স্ট্রিকের শারীরিক অবস্থার  অবনতি হতে শুরু করেছিল। ডাক্তাররা তাঁকে কোনও আশাই দিতে পারেননি। দক্ষিণ আফ্রিকার এক হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল। সব কিছুকে মিথ্যে করে শনিবার মধ্যরাতে চলে গেলেন স্ট্রিক।