অপেক্ষার অবসান। আজ, বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সকাল সাড়ে ১০টায় বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার।

সংসদ সূত্রে জানা গিয়েছে, সকাল ১১টা 
http://result.wb.gov.in থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফল দেখতে পারবেন।

রাজ্যের সরকারি ওয়েবসাইট ছাড়াও মোট ১৪টি বেসরকারি ওয়েবসাইট এবং চারটি মোবাইল অ্যাপের মাধ্যমে ফল জানা যাবে। পরীক্ষার্থীরা রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে সহজেই ফলাফল দেখতে পারবেন।

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে ফল প্রকাশ নিয়ে জোর অপেক্ষা ছিল। সেই অপেক্ষারই অবসান হচ্ছে আজ।

ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই মেধাতালিকা, পাশের হার এবং জেলার ভিত্তিতে ফলাফলের পরিসংখ্যানও প্রকাশ করবে সংসদ।

ফলপ্রকাশের আগেই উচ্চশিক্ষা দপ্তর কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, আগামী সোমবার থেকেই কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া শুরু করে দিতে হবে। যাতে ফল প্রকাশের পর দ্রুত উচ্চশিক্ষায় ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যায়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।