পুবের কলম ওয়েবডেস্ক: সোমবার, ৩ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ১৮ মার্চ পর্যন্ত। চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার জন। এ বার ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ৪৫ হাজার ৫৭১ জন বেশি বলে সংসদ সূত্রের খবর। সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে ২০৮৯টি জায়গায়।

পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৭৯৮টি। এর মধ্যে ১৩৬টি কেন্দ্রকে ‘স্পর্শকাতর’ বলে চিহ্নিত করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

নকল রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে সংসদ। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকছে ‘মেটাল ডিটেক্টর’। পরীক্ষাকেন্দ্রের মূল ‘গেট’ এবং কেন্দ্রের সুপারভাইজ়ারের ঘরে থাকছে সিসিটিভির বন্দোবস্ত।

প্রশ্নপত্র খোলা হবে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের সামনে। সূত্রের খবর, পরীক্ষা শুরুর ৫ মিনিট আগে প্রশ্নপত্র খোলা হবে। ঠিক ১০টায় প্রশ্নপত্র দেওয়া হবে পরীক্ষার্থীদের।

উল্লেখ্য, এ বছরই পুরনো সিলেবাসে শেষ পরীক্ষাগ্রহণ।২০২৬ সাল থেকে সিমেস্টার পদ্ধতিতে বছরে দু’বার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে।