পুবের কলম ওয়েবডেস্ক: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ভারতের পেট্রাপোল স্থলবন্দর বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরের মধ্যে একটানা ১০দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ১৪ জুন শনিবার পর্যন্ত দু-দেশের মধ্যে সীমান্ত বাণিজ্যের কার্যক্রম বন্ধ থাকছে।
আরও পড়ুন:
পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ‘ঈদের জন্য বাংলাদেশের বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশন ৫ থেকে ১৪ জুন অর্থাৎ ১০ দিন রফতানি ও আমদানি স্থগিত থাকার কথা ঘোষণা করেছে। সেজন্য উল্লেখিত দিনগুলোতে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান এবং সাধারণ সম্পাদক সাজেদুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রকাশ, ছুটি শেষে ১৫ জুন রবিবার থেকে আমদানি-রফতানি সংক্রান্ত কাজকর্ম স্বাভাবিক হবে।
’আরও পড়ুন:
প্রসঙ্গত, ভারতের পেট্রাপোল স্থলবন্দর থেকে বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে দৈনিক ৪০০ থেকে ৪৫০টি রফতানির ট্রাক বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে যায়। অন্যদিকে, বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর থেকে দৈনিক ১৫০ থেকে ২০০টি পণ্যবাহী আমদানির ট্রাক ভারতের পেট্রাপোল স্থলবন্দরে আসে। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম স্থলবন্দর হল পেট্রাপোল স্থলবন্দর। ভারতের পেট্রাপোল স্থলবন্দর এবং বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর করিডোর কার্যত দু’দেশের স্থলবাণিজ্যের প্রধান কেন্দ্র। দু’দেশের স্থলবাণিজ্যের কমপক্ষে ৩০ শতাংশই সম্পন্ন হয় এখান দিয়ে।