কলকাতা, ১৩ এপ্রিল: ২০১৯-এর তুলনায় ২০২৪-এর লোকসভা নির্বাচনে আরও ভালো ফল করবে কংগ্রেস, শনিবার এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করলেন প্রাক্তন অর্থমন্ত্রী ও কংগ্রেসের বর্ষীয়ান নেতা পি চিদাম্বরম। ইন্ডিয়া জোট তামিলনাড়ু এবং কেরলে বড় জয় পাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন:
বিজেপির ধর্মীয় রাজনীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও মুখ খোলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী। চিদাম্বরমের কথায়, "হিন্দুধর্ম বা হিন্দুরা কোনও হুমকি বা বিপদের মুখে পড়েনি।
বিরোধীদের হিন্দু বিরোধী এবং প্রধানমন্ত্রীকে হিন্দুদের 'রক্ষাকর্তা' হিসাবে তুলে ধরার কাজই বিজেপি পরিকল্পিত কৌশল।" বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন পি চিদাম্বরম। তিনি বলেন, "এবারের ভোটে তিনি (মমতা) একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে তিনি দুর্গ ধরে রাখবেন।"আরও পড়ুন:
২০১৯ সালের লোকসভা নির্বাচনের তুলনায় কংগ্রেসের আসন সংখ্যা আরও বাড়বে বলে জানান চিদাম্বরম। তাঁর বক্তব্য, "আমি সব রাজ্যের কথা বলতে পারব না। তবে আমি আত্মবিশ্বাসী ইন্ডিয়া জোট তামিলনাড়ুতে দুর্দান্ত ফল করবে। কেরলে দুই ফ্রন্টের (ইউডিএফ এবং এলডিএফ) ২০টি আসনই থাকবে।
সেখানে বিজেপি ধরাশায়ী হবে, তারা একটিও আসন পাবে না। কর্ণাটক ও তেলেঙ্গানায় কংগ্রেস সরকারের জনপ্রিয়তা রয়েছে। সেখানে কংগ্রেস ২০১৯ সালের তুলনায় অনেক বেশি আসন পাবে।"আরও পড়ুন:
এদিকে, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও দিল্লিতে জোটের আশানুরূপ ফলের সম্ভবনা রয়েছ বলে দাবি বর্ষীয়ান কংগ্রেস নেতার। চিদাম্বরম বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী দলগুলিকে তুষ্টির রাজনীতির জন্য অভিযুক্ত করছেন। বিরোধীরা ভারতকে ভাঙতে বদ্ধপরিকর এবং হিন্দুবিরোধী রাজনৈতিক দল বলেও দেগে দিচ্ছেন। আসন্ন লোকসভা নির্বাচনে এটিই বিজেপির কৌশল।"