পুবের কলম ওয়েব ডেস্ক:পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেফতারকে অবৈধ ঘোষণা করে তাকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন। আদালত থেকে মুক্তির পরই জনসভার ডাক দিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি। আজ শুক্রবার (১২ মে) সকালে ইসলামাবাদের শ্রীনগর হাইওয়ের ওই জনসভায় সকল ‘দেশপ্রেমিকদের’ জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে। সেখানে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান।বৃহস্পতিবার (১১ মে) রাতে দলের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এক পোস্টে এই তথ্য জানিয়েছে পিটিআই। পোস্টে পিটিআই জানিয়েছে, পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা ও পাকিস্তানের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে পিটিআই শুক্রবার সকালে পাকিস্তানিদের ইসলামাবাদে জড়ো হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। সব বয়সের দেশপ্রেমিক পাকিস্তানিদের ১২ মে ইসলামাবাদের শ্রীনগর হাইওয়ের ওই জনসভায় শান্তিপূর্ণভাবে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
আরও পড়ুন:
গত মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হয় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে। আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হয়। প্রাক্তন এই জনপ্রিয় ক্রিকেটারকে গ্রেফতার করে দেশটির আধা-সামরিক বাহিনী রেঞ্জার্স এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো’র (ন্যাব) একটি যৌথ দল। এর পরপরই দেশজুড়ে বিক্ষোভের ডাক দেয় পিটিআই নেতাকর্মীরা।
আরও পড়ুন:
মুক্তির পর ইমরান খান আদালত থেকেই তার সমর্থকদের শান্ত থাকার অনুরোধ করে বলেছেন, দেশের জন্য ক্ষতি বয়ে আনা উচিত হবে না। আমরা শুধু দেশে নির্বাচন চাই।