পুবের কলম, ওয়েব ডেস্কঃ অষ্টাদশ লোকসভা নির্বাচনের জনতার রায়ে এবার হার মেনে নিতে হয়েছে অনেক রথী মহারথীকে। জম্মু কাশ্মীরে পরাজয় মেনে নিতে হয়েছে উপত্যকার প্রাক্তন দুই মুখ্যমন্ত্রীকে। বারমুল্লা লোকসভা কেন্দ্রে ন্যাশানাল কনফারেন্সের সহ-সভাপতি ওমর আবদুল্লাহ পরাজিত হয়েছেন জেলবন্দি নির্দল প্রার্থী আব্দুল রশিদ শেখ ওরফে ইঞ্জিনিয়ার রশিদের কাছে। অন্যদিকে অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রে পিডিপি নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি পরাজিত হন ন্যাশানাল কনফারেন্সের মিয়ান আলতাফের কাছে।
আরও পড়ুন:
কিন্তু শুধুমাত্র কাশ্মীরে নয় প্রচলিত রাজনৈতিক ধারনার বাইরে বেরিয়ে ভোটাররা তাদের রায় দিয়েছে পাঞ্জাবেও। কট্টরপন্থী শিখ প্রচারক এবং খালিস্তানি সংগঠন 'ওয়ারিশ পাঞ্জাব দে'-এর প্রধান জেলবন্দি অমৃতপাল সিং খাদুর সাহেব লোকসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে তিনি কংগ্রেস প্রার্থী কুলবীর সিং জিরাকে পরাজিত করেন। অমৃতপাল বর্তমানে জাতীয় নিরাপত্তা আইনে আসামের ডিব্রুগড় জেলে বন্দি।