পুবের কলম ওয়েব ডেস্কঃ বিরোধী ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে আগামীকাল সোমবার। নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে হবে এই বৈঠক। রবিবারই এই উদ্দেশ্যে দিল্লি পৌঁছে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, এই বৈঠকে বিজেপি বিরোধী ২৩টি রাজনৈতিক দল অংশগ্রহণ করতে চলেছে। কংগ্রেসের তরফে এবিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মূলত, জোটের ভবিষ্যৎ কৌশল, দলগুলির মধ্যে সমন্বয় এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতিই থাকছে এদিনের বৈঠকের মূল আলোচ্য বিষয়। 

রবিবার সোশ্যাল মিডিয়া পোস্টে কংগ্রেসের প্রবীণ নেতা ও দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানান, সোমবার দুপুর ১২টায় ইন্ডিয়া জোটের বৈঠকে ২৩ টি রাজনৈতিক দল যোগ দেবে। তিনি বলেন, 'কিছু দল তাদের নিজস্ব কারণে এই নির্দিষ্ট বৈঠকে যোগ দিতে পারছে না। তবে তারা মোদী সরকারের বিভিন্ন পদক্ষেপের বিরোধিতা করেছে।।

তাঁর কথায়, ভারতের মতোই ইন্ডিয়া জোটও বৈচিত্র্যের মধ্যে ঐক্যবদ্ধভাবে রয়েছে। 

জয়রাম রমেশের এই পোস্টকে সমর্থন করে তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও'ব্রায়েন বলেন, একই লক্ষ্য এবং স্পষ্ট উদ্দেশ্য নিয়েই বিরোধী দলগুলি একত্রিত হচ্ছে। তাঁর কথায়, "ভারত একতাবদ্ধ। বহু রাজনৈতিক দল সৌহার্দ্য ও সহযোগিতার মনোভাব নিয়ে এই বৈঠকে অংশ নিতে আগ্রহী।" জয়রাম রমেশের আরও বক্তব্য, মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানের সংকট, তদন্তকারী সংস্থার অপব্যবহার, বিনিয়োগের পরিবেশের অবনতি এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জাতীয় স্বার্থের প্রশ্নে বিরোধী দলগুলির উদ্বেগ রয়েছে।

উল্লেখ্য, ইন্ডিয়া জোটের মধ্যে বেশকিছু দলের মধ্যে মতবিরোধ সামনে এসেছে। ডিএমকে কংগ্রেসের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে আগেই এই বৈঠক বয়কট করেছে। অন্যদিকে,  কেরলের রাজনীতি নিয়ে কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতার মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছে সিপিআইএম। সূত্রের খবর, দলের সাধারণ সম্পাদক এম এ বেবি সম্প্রতি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-কে চিঠি লিখে কেরলে সিপিআইএম ও বিজেপির মধ্যে রাজনৈতিক বোঝাপড়া নিয়ে কংগ্রেস নেতাদের মন্তব্যের ব্যাখ্যা চেয়েছেন। এছাড়া আম আদমি পার্টি ইতিমধ্যেই প্রকাশ্যে এই জোট থেকে নিজেদের দূরত্ব বজায় রাখার ইঙ্গিত দিয়েছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর মতো রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিরোধী রাজনীতির নতুন সমীকরণ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন বিরোধী দলের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করাই এই বৈঠকের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে।