পুবের কলম ওয়েবডেস্কঃ কেরলের একটি জনপ্রিয় রেস্তরাঁ ফোর্ট কোচির কাশি আর্ট ক্যাফে অ্যান্ড গ্যালারি  তাদের মেনু থেকে বাদ দিয়েছে রাশিয়ান স্যালাডকে। ফোর্ট কোচির অন্যতম জনপ্রিয় ডিশ ছিল এই রাশিয়ান সাল্যাড। ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদ জানিয়েই রেস্তরাঁ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। এর পিছনে প্রবল শক্তিধর পশ্চিমা মিডিয়া রয়েছে বলে মনে করছেন অনেকেই । এই পশ্চিমা মিডিয়া বরাবর  নিজেদের স্বার্থে জনআবেগ কে কাজে লাগাতে সিদ্ধহস্ত। তার প্রভাব এবার সরাসরি ভারতীয় রেস্তরাঁর টেবিলে।

এমনটাই মনে করছেন কূটনীতির খবর রাখা লোকজন।

ইউক্রেনের জনগণের উদ্দেশ্যে  সংহতি প্রকাশ করে, আমরা আমাদের মেনু থেকে 'রাশিয়ান  স্যালাড ' সরিয়ে দিয়েছি," ফোর্ট কোচির কাশী আর্ট ক্যাফে এবং গ্যালারির বাইরে একটি নোটিশ বোর্ডে এই কথাই জানানো হয়েছে। এই বোর্ডের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যাকে কেন্দ্র করে  দ্বিধাবিভক্ত নেটিজেনরা।

ফোর্ট কোচি রেস্তরাঁর এই  সিদ্ধান্ত কে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে   ট্যুইটারে।কেউ বলছেন একদম সঠিক সময়ে সঠিক নেওয়া সিদ্ধান্ত এটি।

অপর দল বলছেন খাদ্যের জন্য এইরকম কোন গণ্ডি টানার কোন যৌক্তিকতা নেই।রেস্তরাঁ কর্তৃপক্ষের সাফ জবাব তাঁরা কোন প্রচার চাননি। চেয়েছিলেন যুদ্ধকে না বলতে ।  শিল্পপ্রেমী হওয়ার কারণে, তাঁরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন।এই ভাবেই তাঁরা নিজেদের প্রতিবাদ জানিয়েছেন। এটাই ছিল তাঁদের কাছে প্রতিবাদ জানানোর জন্য সবচেয়ে সেরা উপায়।

কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকেই নিজের মতামত জানিয়েছেন। তাঁদের কথায় ওই রাশিয়ান স্যালাডের টানেই বারবার ফোর্ট কোচির কাশি আর্ট ক্যাফে অ্যান্ড গ্যালারিতে যেতেন।উল্লেখ্য তেরদিনে পা দিল রুশ-ইউক্রেন যুদ্ধ। রুশ সেনার গোলাবর্ষণে এই মুহুর্তে বিদ্ধস্ত ইউক্রেন। চলছে মৃত্যু মিছিল। বহু ভারতীয়রাও এখন আটকে রয়েছেন সেই দেশে। যাদের অধিকাংশই পড়ুয়া। রাশিয়ার ওপর ইতিমধ্যেই একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে একাধিক পশ্চিমা দেশ।