পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝেই নতুন করে বিতর্ক ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর দাবি করেছে, তারা মার্কিন বাহিনীর একটি F/A-18 Hornet যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। ইরানের দাবি অনুযায়ী, চাবাহার সংলগ্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এই বিমানটি ধ্বংস করা হয়েছে। এমনকি এ ঘটনার সমর্থনে একটি ভিডিও প্রকাশ করেছে তারা, যেখানে আকাশে একটি বিস্ফোরণের পর বিমানটি নিচে ভেঙে পড়তে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। যদিও ভিডিও- র সত্যতা যাচাই করেনি পূবের কলম অনলাইন।


 
তবে এই দাবিকে সম্পূর্ণ ভুয়া বলে উড়িয়ে দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সংশ্লিষ্ট ভিডিওটি যাচাই করে তারা নিশ্চিত হয়েছে—এটি বিভ্রান্তিকর এবং বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। তাদের দাবি, মার্কিন বাহিনীর কোনো যুদ্ধবিমানই ক্ষতিগ্রস্ত হয়নি।
এর আগেও একই ধরনের দাবি তুলেছিল ইরান। তারা F-35 Lightning II এবং F-15 Eagle যুদ্ধবিমান ভূপাতিত করার কথাও জানিয়েছিল।
যদিও প্রতিবারই যুক্তরাষ্ট্র সেই দাবি অস্বীকার করেছে।
 
তবে একটি ঘটনায় মার্কিন পক্ষ স্বীকার করেছে যে, একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে জরুরি ভিত্তিতে অবতরণ করাতে হয়েছিল। যদিও সেটি নিরাপদেই অবতরণ করেছে বলে জানানো হয়েছে এবং ইরানের হামলার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। বিশ্লেষকদের মতে, এই ধরনের পাল্টাপাল্টি দাবি আসলে তথ্যযুদ্ধেরই অংশ। যুদ্ধক্ষেত্রের বাস্তবতার পাশাপাশি মনস্তাত্ত্বিক প্রভাব তৈরিতেও উভয় পক্ষই সক্রিয়।