পুবের কলম ওয়েবডেস্ক :
শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ইরানের “কোন আস্থা নেই”। একই সঙ্গে তিনি এও বলেছেন যে, পশ্চিম এশিয়ায় শান্তির জন্য ভারত “আরও বড় ভূমিকা” পালন করতে পারে।ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে নয়াদিল্লি সফরকালে এক সংবাদিক সম্মেলনে আরাঘচি বলেন, ইরান-সম্পর্কিত কোন কিছুরই সামরিক সমাধান নেই এবং পশ্চিম এশিয়ার সংকটের সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি ছাড়া অন্য কোন সমাধান হতে পারে না।
তিনি বলেন ,“ভারতের যেকোন গঠনমূলক ভূমিকাকে আমরা স্বাগত জানাব।"
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রসঙ্গে আরাঘচি বলেন, এই আলোচনাগুলো “বিশ্বাসের অভাবে ভুগছে”।
তিনি আরও বলেন, “পরস্পরবিরোধী বার্তা” আলোচনার বিষয়ে আমেরিকানদের আসল উদ্দেশ্য সম্পর্কে ইরানকে সন্দিহান করে তুলেছে।
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার যুদ্ধের পর গত মাসে ওয়াশিংটন ও তেহরান যুদ্ধবিরতি ঘোষণা করলেও, গত সপ্তাহে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র একে অপরের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করার পর একটি স্থায়ী শান্তি চুক্তি নিয়ে আলোচনা স্থগিত রয়েছে।
আরাঘচির মতে, পাকিস্তানের মধ্যস্থতা এখনও ব্যর্থ হয়নি, যদিও তিনি এও বলেছেন যে মধ্যস্থতা প্রক্রিয়াটি “কঠিন” অবস্থায় রয়েছে।তিনি বলেছেন, ইরান কূটনীতিকে সুযোগ দিতে যুদ্ধবিরতি বজায় রাখার চেষ্টা করছে, কিন্তু লড়াইয়ে ফিরে যেতেও প্রস্তুত।উভয় পক্ষের মধ্যে আলোচনা আটকে থাকার কারণগুলোর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং হরমুজ প্রণালীর ওপর তার নিয়ন্ত্রণ।
আরাঘচি বলেছেন, হরমুজ প্রণালীর পরিস্থিতি এখন “খুবই জটিল”।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচলে সাহায্য করতে ইরান প্রস্তুত। তিনি বলেন, তেহরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত জাহাজগুলো ছাড়া সব জাহাজই এই প্রণালী দিয়ে যেতে পারবে এবং যে জাহাজগুলো যাতায়াত করতে চায়, তাদের ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর ইরান কার্যকরভাবে বেশিরভাগ জাহাজ চলাচলের জন্য প্রণালীটি বন্ধ করে দেয়।
আরাঘচি আরও জোর দিয়ে বলেছেন যে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র চায়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি তাঁর ধৈর্য ফুরিয়ে আসছে বলার এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় তেহরানকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টা পরেই তিনি এই মন্তব্য করেন।