পুবের কলম ওয়েব ডেস্ক: জেলের ভিতরে জাতিভিত্তিক বৈষম্য দূর করার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের চাওয়া তথ্য এখনও জমা দেয়নি দেশের ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। এই ঘটনায় তীব্র হতাশা প্রকাশ করে মঙ্গলবার সংশ্লিষ্ট রাজ্যগুলিকে তথ্য জমা দেওয়ার শেষ সুযোগ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, আগামী শুনানির দিন অর্থাৎ ১৩ জানুয়ারির মধ্যে রিপোর্ট জমা না দিলে, সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যসচিব অথবা প্রধান সচিবদের সশরীরে আদালতে তলব করা হবে।
বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ এদিন এই স্বতঃপ্রণোদিত মামলার শুনানি করে। প্রসঙ্গত, সুকন্যা শান্তা বনাম ভারত সরকার মামলায় জেলের অন্দরে জাতিভেদ প্রথা নির্মূল করার জন্য একাধিক নির্দেশিকা জারি করেছিল সুপ্রিম কোর্ট।
গত জুলাই মাসে আদালতের কাছে একটি রিপোর্ট জমা পড়ে, যেখানে দেখা যায় একাধিক রাজ্য এখনও এই বিষয়ে কোনও জবাব দেয়নি। মূলত ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোকে (এনসিআরবি) জাতিগত তথ্য পাঠানোর পদ্ধতি, জেলের খাতা থেকে জাতির উল্লেখ মুছে ফেলা, সাফাইয়ের কাজ আউটসোর্স করা এবং সংশোধনাগার পরিদর্শনের জন্য জেলাভিত্তিক ‘বোর্ড অফ ভিজিটরস’ তৈরি করার মতো গুরুত্বপূর্ণ নির্দেশগুলি রাজ্যগুলি কতটা পালন করেছে, তা জানতে চাওয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবার আদালতবান্ধব মুরলীধর জানান, জুলাই মাসের নির্দেশ সত্ত্বেও কোনও রাজ্য এখনও পর্যন্ত জেলাভিত্তিক ‘বোর্ড অফ ভিজিটরস’ গঠন করেনি।
এর আগে শীর্ষ আদালত অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্যা ভাটিকে রাজ্যগুলির সঙ্গে কথা বলে দ্রুত তথ্য সংগ্রহ করতে বলেছিল। এদিন বেঞ্চ রাজ্যগুলিকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে জানায়, কেন্দ্রীয় সরকারকে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে। তাই রাজ্যগুলিকে অবিলম্বে তাদের জবাব পাঠাতে হবে। তা না হলে আদালত কড়া পদক্ষেপ করতে বাধ্য হবে। আগামী ১৩ জানুয়ারি, ২০২৭ সালে এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।