কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং: দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকের ঝড়খালি সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবে পরিচিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানকার জেটিঘাট থেকেই লঞ্চযোগে বহু পর্যটক সুন্দরবনের নদীপথে যাত্রা শুরু করেন। ঝড়খালিতে অবস্থিত টাইগার রেসকিউ সেন্টার, নদীবাঁধ ও প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের নজর কাড়ে।
তবে এই পর্যটন কেন্দ্রের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে ঝড়খালী হাই স্কুল মোড় থেকে জেটিঘাট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তার বেহাল দশা। বড় বড় গর্তে ভরা রাস্তায় বর্ষাকালে জল জমে চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে।
এই পথেই প্রতিদিন অসংখ্য টোটো, অটো ও পর্যটকদের চার চাকার গাড়ি চলাচল করে। ফলে স্থানীয় মানুষ ও পর্যটক উভয়েরই দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।আরও পড়ুন:
দীর্ঘ দুই বছর ধরে রাস্তার এই করুণ অবস্থার অবসান ঘটাতে এবার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পূর্ত দফতরের তরফে ঝড়খালির এই রাস্তাটি মেরামতের জন্য ৯ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই একটি সংস্থাকে টেন্ডারের মাধ্যমে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
বাসন্তী বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল জানিয়েছেন, “এই রাস্তাটি মেরামতের কাজ খুব দ্রুত শুরু হবে। টেন্ডার দেওয়া হয়ে গেছে। আমরা মানুষের দুর্ভোগ লাঘবে বদ্ধপরিকর।” স্থানীয় বাসিন্দারা জানান, এই কাজ শুরু হলে শুধু পর্যটকদের যাত্রা সহজ হবে না, বরং গ্রামীণ অর্থনীতিও উপকৃত হবে। দীর্ঘদিন পর উন্নয়নের এমন খবর পেয়ে খুশি এলাকার মানুষজন।