পুবের কলম,ওয়েবডেস্ক: ওবিসি ও মহিলাদের জন্য সংসদ এবং বিধানসভায় আসন সংরক্ষণ বাড়ানোর দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি কেসিআর সরকারের। শুক্রবার বিআরএস ও মুখ্যমন্ত্রী চন্দ্র শেখর রাও সম্মলিতভাবে বিধানসভায় এই প্রস্তাব পাশ করেন।

এদিন বিআরএস প্রধান ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন। তাঁরা লেখেন, ১৮ সেপ্টেম্বর সংসদের আসন্ন বিশেষ অধিবেশনে আসন সংরক্ষণের এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে।
আর দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করতে।

তেলেঙ্গানায় মহিলাদের শিক্ষা ও চাকরির ক্ষেত্রে ৩০ শতাংশ সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন কেসিআর। অন্যদিকে নরেন্দ্র মোদিকে দেওয়া চিঠিতে তিনি সংসদে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন। সংসদে এবং বিধানসভায় ওবিসিদের জন্যও ৩৩ শতাংশ সংরক্ষণের পক্ষে সওয়াল করেছেন কেসিআর।
এদিন তাঁরা আরও বলেন,  অনগ্রসরদের এগিয়ে আনার প্রস্তাব ছিল সংবিধানেই। সেই মোতাবেকই অনগ্রসর ও মহিলাদের সংরক্ষণ দেওয়া হলেই প্রান্তিক শ্রেণিকে এগিয়ে আনা সম্ভব হবে।

তেলেঙ্গানার সরকার এর আগে ২০১৪ সালের ১৪ জুন সংসদ ও বিধানসভাগুলিতে ওবিসিদের জন্য সর্বসম্মতভাবে ৩৩ শতাংশ সংরক্ষণের জন্য প্রস্তাব পাশ করেছিল। তবে কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট বিষয়ে তখন কোনও ভ্রূক্ষেপ করেনি।