পুবের কলম,ওয়েবডেস্ক: লালকেল্লা ছাড়িয়ে যমুনার জল পৌঁছালো দেশের শীর্ষ আদালতের দ্বারে।  পরিস্থিতি বেগতিক দেখে সেনা সাহায্য চাইলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।  বিগত কয়েক দিন ধরে টানা বৃষ্টির জেরে বেড়েছে যমুনার জলস্তর। যা চার দশকের রেকর্ড ব্রেক করেছে বলেই জানিয়েছে আবহাওয়াবিদরা।
 যমুনার জলস্তর বৃদ্ধিতে বিপর্যস্ত রাজধানী।  জলের তলায় একাধিক এলাকা।  এমনকি রাজঘাটও জলের তলায় তলিয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লিতে বন্ধ স্কুল।
যমুনার জলস্তর বৃদ্ধি পাওয়ায় সেখানকার একাধিক জলশোধনাগার বন্ধ ইতিমধ্যে।

তবে বিগত দিনের তুলনায় আজ যমুনার জলস্তর কমলেও বন্যা হওয়ার  আশঙ্কা যে পিছু ছাড়েনি তা সূর্য ওঠার পর পরই স্পষ্ট  হয়েছে। লালকেলা ছাড়িয়ে এবার জল পৌঁছেছে সুপ্রিম কোর্টের সামনেও।

প্রসঙ্গে ক্রমে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন,  পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তিনি মুখ্যসচিবকে সেনা, এনডিআরএফ-এর সাহায্য নেওয়ার নির্দেশ দিয়েছেন। দিল্লির সেচ এবং বন্যা নিয়ন্ত্রণ বিভাগের যন্ত্রাংশ বিকল হয়ে যাওয়ায় যমুনার জল হুহু করে ঢুকছে শহরে বলেও জানান তিনি।