পুবের কলম ওয়েবডেস্কঃ উত্তর প্রদেশের  লখিমপুরে  কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলের  গাড়িতে পিষ্ট  হয়ে  কৃষক মৃত্যুর  ঘটনায় উত্তাল গোটা দেশ।

তবে  ময়নাতদন্তের রিপোর্টে  দাবি  করা হয়েছে  মৃত  কৃষকদের শরীরে  গুলির কোন ক্ষত নেই।  প্রচন্ড  ধাক্কা  এবং  অতিরিক্ত  রক্তপাতের কারণে  এই মৃত্যু বলে উল্লেখ করা হয়েছে  রিপোর্টে।

রবিবারের ঘটনায় যে চার কৃষকের মৃত্যু হয়েছে তাঁদের নাম নক্ষত্র সিং, দলজিৎ সিং, লভপ্রীৎ সিং ও গুরবিন্দ্র সিং।

ময়নাতদন্তের রিপোর্টে  দাবি করা হয়েছে  ১৮ বছরের  লভপ্রীৎ কে টেনে হিঁচড়ে  বেশ খানিকটা নিয়ে  যাওয়া হয়। তার ফলে শরীর থেকে  অতিরিক্ত রক্ত  ক্ষরণ হয়। গুরবিন্দ্রকে ধারালো কিছু  দিয়ে  আঘাত করা হয়। বাকি  দুজনেরও একই কারণে  মৃত্যু হয়েছে।

যদিও  বিজেপির পাল্টা দাবি  তাঁদের  চার কর্মীকে পিটিয়ে  মারা হলেও শুধু মাত্র  চার কৃষকের মৃত্যুর

কথা উল্লেখ করা হয়েছে  ময়নাতদন্তের রিপোর্টে।

অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর অভিযোগ "আমার চালক গাড়ি চালাচ্ছিলেন। দুষ্কৃতীরা পাথর ছুড়লে গাড়ি নিয়ন্ত্রণ হারায় এবং দুই কৃষক গাড়ির নীচে চাপা পড়েন। এর পর তিন বিজেপি কর্মী এবং চালককে পিটিয়ে মারা হয় এবং গাড়িতে আগুন লাগানো হয়।’’।