পুবের কলম,ওয়েবডেস্ক: ইসরাইল-ফিলিস্তিনে যুদ্ধ কি এবার মুসলিম বিদ্বেষের পরিবেশ তৈরি করছে? অতীতে আমেরিকা সহ একাধিক পশ্চিমা দেশগুলিতে বর্ণ-বিদ্বেষের জেরে হত্যার ঘটনা ঘটেছে। আর এবার মুসলিম বিদ্বেষ থেকে মাত্র ৬ বছরের এক শিশুকে কুপিয়ে হত্যা করা হল। হত্যাকারী স্বীকার করেছে সে মুসলিম বিদ্বেষ থেকেই এই কাণ্ড ঘটিয়েছেন। পুলিশি জেরায় সে স্বীকার করে, ইসরাইল-হামাসের মধ্যে হওয়া যুদ্ধের প্রতিটি আপডেট তার কাছে থাকত। তা দেখে দেখে প্রতিনিয়ত তার মনে ক্ষোভের সঞ্চার হত। আর নিহত শিশুটি ফিলিস্তিনি বংশোদ্ভূত।

প্রচলিত প্রবাদ আছে, 'যুদ্ধের প্রথম শিকার হয় সত্য'। ফিলিস্তিনে ইহুদি বাহিনীর দখলদারিত্ব, নিরীহ বাসিন্দাদের হত্যা, আত্মরক্ষা করতে হামলা, ইসরাইলের পাল্টা হামলায় শুরু হওয়া রক্তক্ষয়ী যুদ্ধে এই কথাটা ফের একবার প্রমাণ করে দিল। ইসরাইল-ফিলিস্তিনের যুদ্ধ ক্রমশ ফিলিস্তিন বিরোধী, দ্ব্যর্থহীন ভাষ্যে বলতে গেলে, ইসলামোফোবিয়ার বা মুসলিম বিদ্বেষের দিকে এগোচ্ছে। শুধুমাত্র ‘মুসলিম’ ও ‘ফিলিস্তিনি বংশোদ্ভূত’ হওয়ার অপরাধে এক বৃদ্ধের হাতে খুন হতে হল বছর ছয়েকের এক শিশুকে। মর্মন্তুদ ঘটনাটি ঘটেছে শিকাগো থেকে ৬৪ কিলোমিটায় পশ্চিমে অবস্থিত এক জনবসতিপূর্ণ এলাকায়। জানা গেছে, ছুরি দিয়ে ২৬ বার কুপিয়ে কুপিয়ে নৃশংসভাবে ওই শিশুকে খুন করা হয়েছে। রেহাই পাননি শিশুটির মা’ও।

আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়। অন্যদিকে ওই মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘাতক ৭১ বছরের ওই বৃদ্ধ (বাড়িওয়ালা), ইলিনয়ের বাসিন্দা। অভিযুক্তের বিরুদ্ধে ঘৃণ্য অপরাধের ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। ওই পরিবারের প্রতি মুসলিম বিদ্বেষ থেকেই এই কাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত মহিলা। ইসরাইল-ফিলিস্তিনের যুদ্ধের মধ্যে আমেরিকায় যাতে কোনওভাবে ‘ইসলামোফোবিয়া’ ছড়িয়ে না পড়ে, তার জন্য সতর্ক করা হয়েছে পুলিশ ও গোয়েন্দাদের তরফে। এরই মাঝে শিশু মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে।

৭১ বছর বয়সী অভিযুক্ত জোসেফকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, আক্রান্ত মুসলিম পরিবার ফিলিস্তিনি বংশোদ্ভূত। পুলিশের জেরা-পর্বে জোসেফ জানান, ইসরাইল-হামাস যুদ্ধের পরিপ্রেক্ষিতে 'প্রতিশোধ' নিতেই এই হামলা চালায় সে। মৃত ৬ বছরের শিশুর নাম ওয়াদেয়া আল ফায়ুম। ঘটনাপ্রসঙ্গে ফায়ুমের কাকা ইউসুফ হ্যানন জানান, আমরা মানুষ। মুসলিম হওয়া কোনও অপরাধ নয়। আমাদের মানুষ হিসেবে দেখুন, সেই রকম আচরণ করুন। শুধুমাত্র ফিলিস্তিনি বলে তাঁর পরিবারের এক শিশুকে খুন হতে হল।