পুবের কলম, ওয়েবডেস্ক: জীবনদায়ী ওষুধের দাম বাড়াল কেন্দ্র। আগামী ১ এপ্রিল থেকেই বেশ কিছু অতি প্রয়োজনীয় ওষুধের দাম বাড়তে চলেছে। দামবৃদ্ধির তালিকায় রয়েছে অ‌্যান্টিবায়োটিক ও পেইনকিলার-সহ প্রায় ৮০০টি ওষুধ। শনিবার এক বিবৃতিতে এমনটাই জানাল ন‌্যাশনাল ফার্মাসিউটিক‌্যাল প্রাইসিং অথোরিটি (NPPA)। জাতীয় ওষুধ মূল‌্য নির্ধারণকারী সংস্থাটি জানিয়েছে, জরুরি ওষুধের তালিকায় থাকা ওষুধের দাম ০.০০৫৫ শতাংশ বাড়ছে।

প‌্যারাসিটামল, অ‌্যাজিথ্রোমাইসিন-সহ বেশ কিছু স্টেরয়েড, ভিটামিন, মিনারেল জাতীয় ওষুধের দাম বাড়ছে।

ওষুধের দাম বাড়া নিয়ে বিজেপি সরকারকে কটাক্ষ করেছে বিরোধীরা। তাঁদের বক্তব্য, ফার্মা সংস্থাগুলি নির্বাচনী বন্ডের মাধ্যমে প্রায় ৯০০ কোটি টাকা দিয়েছে বিজেপিকে। সেই বিপুল টাকা তুলতে ওষুধের দাম বাড়ানো হল। উল্লেখ‌্য, গত বছরেই বহু ওষুধের দাম অন্তত ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালেও দাম বেড়েছিল ১০ শতাংশ।