পুরনো ‘এমআধার’ অ্যাপ শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া। একই সঙ্গে ব্যবহারকারীদের নতুন আধার অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে। আধার পরিষেবাকে আরও নিরাপদ, আধুনিক ও ব্যবহারবান্ধব করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউআইডিএআই।

আধারের সরকারি এক্স হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, নতুন অ্যাপে আরও দ্রুত ও স্মার্ট পরিষেবা মিলবে।

শুধু বাহ্যিক পরিবর্তন নয়, আধার যাচাই ও পরিচয় শেয়ারিং ব্যবস্থাতেও বড়সড় বদল আনা হয়েছে।
আগের এমআধার অ্যাপে পরিচয় যাচাইয়ের সময় অনেক ক্ষেত্রেই ব্যবহারকারীর অতিরিক্ত তথ্য প্রকাশ হয়ে যেত। নতুন অ্যাপে সেই সমস্যা কমাতে ‘সিলেক্টিভ ইনফরমেশন শেয়ারিং’ বা প্রয়োজনীয় তথ্যটুকুই শেয়ার করার ব্যবস্থা রাখা হয়েছে। ফলে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আরও জোরদার হবে।

নতুন অ্যাপের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন হল কিউআর কোড ভিত্তিক আধার যাচাই ব্যবস্থা। এর মাধ্যমে হোটেল, হাসপাতাল, সরকারি অফিস বা বিভিন্ন পরিষেবা কেন্দ্রে সহজেই পরিচয় যাচাই করা যাবে, অথচ সম্পূর্ণ আধার তথ্য প্রকাশ করতে হবে না।
অথেন্টিকেশন ব্যবস্থাতেও এসেছে বড় পরিবর্তন। আগে মূলত এসএমএস-ভিত্তিক ওটিপির মাধ্যমে আধার অ্যাকসেস করা যেত। এখন ওটিপির পাশাপাশি ফেস অথেন্টিকেশন ও কিউআর ভেরিফিকেশনের মতো অতিরিক্ত নিরাপত্তা স্তর যোগ করা হয়েছে।

ডিজিটাল পরিচয়পত্রের অপব্যবহার রুখে গোটা ব্যবস্থাকে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য করে তুলতেই এই নতুন উদ্যোগ বলে জানিয়েছে ইউআইডিএআই।