সোনারপুরে জনরোষের মুখে পড়ে আহত হওয়ার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। একাধিক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে ভর্তি করা হয়নি বলে অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে অভিষেককে বাড়িতে ফিরিয়ে এনে তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগও করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আপাতত বাড়িতেই অভিষেকের চিকিৎসা চলবে। প্রয়োজনীয় স্যালাইন, অক্সিজেন এবং অন্যান্য চিকিৎসা পরিষেবার ব্যবস্থা বাড়িতেই করা হবে।

তবে শারীরিক অবস্থার প্রয়োজন হলে তাঁকে হায়দরাবাদে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতার অভিযোগ, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক প্রতিহিংসার পরিবেশ তৈরি হয়েছে। তাঁর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি না করার জন্য বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোমের উপর চাপ সৃষ্টি করা হয়েছে। এমনকি পুলিশ প্রশাসনকে ব্যবহার করে হাসপাতাল কর্তৃপক্ষকে ভয় দেখানোর অভিযোগও তোলেন তিনি।
তৃণমূল নেত্রীর বক্তব্য, একটি বেসরকারি হাসপাতালে অভিষেকের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পরও ভর্তি নেওয়া হয়নি।

এরপর অন্য একটি বেসরকারি হাসপাতালেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলে তাঁর অভিযোগ।
প্রসঙ্গত, শনিবার সোনারপুরে এক মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভ ও জনরোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, সেই সময় তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ও ডিম ছোড়া হয় এবং ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে পুলিশি নিরাপত্তায় সেখান থেকে বেরিয়ে তিনি চিকিৎসার জন্য শহরের দুটি বেসরকারি হাসপাতালে যান। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই বলে মত দেন।
এই ঘটনার পর রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে। একদিকে তৃণমূল নেতৃত্ব হাসপাতালগুলির সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলছে, অন্যদিকে এ বিষয়ে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।