পুবের কলম প্রতিবেদক: কলকাতার রাস্তায় বেআইনি পার্কিং রুখতে তৎপর হয়েছে পুরসভা। রাতের বেলা তো বটেই দিনের বেলাতেও শুরু হয়েছে বেআইনি পার্কিংয়ের উপদ্রব। এই ধরণের যত্রতত্র পার্কিংয়ে যথেষ্টই ক্ষুব্ধ কলকাতার মেয়র। শনিবার এক সাংবাদিক বৈঠকে কলকাতার মেয়র এবং রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, তিনি নিজেও এধরণের যত্রতত্র পার্কিংয়ের জেরে বিপর্যস্ত।
এবিষয়ে পুলিশের সঙ্গেও কথা বলেছেন বলে জানান তিনি।আরও পড়ুন:
ফিরহাদ বলেন, পুলিশকে এবিষয়ে ইতিমধ্যেই বলেছি। আবারও আমরা পুলিশকে বলছি যাতে, যত্রতত্র পার্কিং দিনের বেলায় অন্তত না হয়। তাহলে আমাদের সংরক্ষণমূলক কাজ করতে সুবিধা হয় বা, মানুষের রাস্তায় যাতায়াত করতে সুবিধা হয়।
রাস্তার দু’ধারে পার্কিং অনেক জায়গায় হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই গাড়ির সংখ্যা বাড়ছে। আমার নিজের বাড়ি থেকে বেরোতে প্রাণ বেরিয়ে যায়। তাই, পুলিশকে বলছি, যতটা সম্ভব নিয়ন্ত্রিত পার্কিংয়ের ব্যবস্থা করা হোক।