নিজস্ব প্রতিনিধি: বিজেপির ধর্মীয় বিষ ছড়ানো রাজনীতির সমালোচনায় সরব হতে গিয়ে বিপাকে রাজ্যের অন্যতম বৈদ্যুতিন সংবাদমাধ্যম ‘কলকাতা টিভি।’ মোদি সরকারের ‘মোসাহেবি’ না করায় রাজ্যের অন্যতম সংবাদ চ্যানেলের সম্প্রচার লাইসেন্স বাতিল করার হুমকি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ‘কলকাতা টিভি’ দেশের নিরাপত্তার পক্ষে ঝুঁকিপূর্ণ এমন ছেঁদো যুক্তির অবতারণা করেই লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
২০০৬ সালে পথচলা শুরু হয়েছিল কলকাতা টিভির। প্রথম থেকেই শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে নির্ভীকভাবে সংবাদ পরিবেশন করে চলছিল বাংলার টিভি চ্যানেলটি। সিঙ্গুর ও নন্দীগ্রামের জমি আন্দোলনের সময়ে বাম সরকারের পুলিশের নিপীড়নের বিরোধিতা করে রাজ্যের আমজনতার মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিল চ্যানেলটি। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে রাজ্যের সিংহভাগ সংবাদমাধ্যমের কর্ণধাররা যখন নিরপেক্ষতার জার্সি খুলে বিজেপি ভজনায় মত্ত হয়ে খুল্লামখুল্লা তৃণমূল বিরোধিতায় মত্ত হয়ে উঠেছিলেন, তখন ভিন্ন পথে হেঁটেছিলেন ‘কলকাতা টিভি’র পরিচালকরা। তৃণমূল সরকারের পাশে দাঁড়িয়েছিল।