পুবের কলম ওয়েবডেস্ক: উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে সময় নিচ্ছিল। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতর জানাল, গোটা রাজ্যেই বর্ষা ঢুকেছে। বর্ষার আগমনের সঙ্গে সঙ্গেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া দফতরের।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সাধারণত জুন মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকে। তবে বিভিন্ন আবহাওয়া সংক্রান্ত কারণে এই সময় কয়েক দিনের জন্য এগোতে কিংবা পিছোতে পারে। সেই হিসাবে স্বাভাবিক সময়েই বর্ষা উত্তর ও দক্ষিণের বাকি অংশে ঢুকেছে বলে জানিয়েছে হাওয়া অফিস।আরও পড়ুন:
মঙ্গলবার দুই উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানেও।
দক্ষিণের জেলাগুলিতে সঙ্গে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।আরও পড়ুন:
বুধবার অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মৎস্যজীবীদেরও সতর্ক করা হয়েছে। মঙ্গল এবং বুধবার উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সমুদ্রও উত্তাল থাকবে ওই সময়ে। কোনও রকম অঘটন এড়াতে মঙ্গল এবং বুধবার মৎস্যজীবীদের বাংলা এবং ওড়িশার উপকূলের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।