নিজস্ব প্রতিবেদন, আলিপুর: আলিপুর প্রেস কর্ণারে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এক ইফতার মজলিশের আয়োজন করা হয়। ভারত ও বাংলাদেশের শতাধিক কবি সাহিত্যিক ও শিল্পীরা এই অনুষ্ঠানে যোগ দেন। ডায়মন্ড হারবার প্রেস ক্লাবের উদ্যোগে এই উৎসবের সূচনা সংগীত পরিবেশন করেন সাহিত্যিক পূর্বাশা মন্ডল। অনুষ্ঠানে পৌরহিত্য করেন লাল পাহাড়ির দেশে যা গানের গীতিকবি অরুণ কুমার চক্রবর্তী এবং প্রধান অতিথির আসন অলংকৃত করেন নলেজ সিটি শিক্ষা নগরীর কর্ণধার শিক্ষাবিদ ডঃ আব্দুর রব।

প্রেস কর্ণারে নববর্ষ উদযাপন ও ইফতার মজলিস

অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে উৎসব সম্পাদক সাকিল আহমেদ বলেন বাংলা নববর্ষ সবার মনে শান্তি আনুক ও সৌভ্রাতৃত্ব বিরাজ করুক। দুই বাংলার শতাধিক কবি শিল্পী ও সাংবাদিক রমযান উপলক্ষে ইফতারে শামিল হন।

বাংলাদেশের বিশিষ্ট কবি অধ্যক্ষ মাসুদ আলম বাবুল, অধ্যাপিকা জেসমিন বন্যা, সংগীত শিল্পী ত্রিবেণী পান্না, সিলেটের কবি পুলিন রায়কে গণসংবর্ধনা দেওয়া হয় কুসুমের ফেরা সাহিত্য পত্রিকার তরফ থেকে। অনুষ্ঠানে সমাপ্তি সংগীত পরিবেশন করেন অরূপ চট্টোপাধ্যায়।